১১তম সাক্ষীকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলার ১১তম সাক্ষী মেজর সুজাউল হককে গতকাল সোমবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। তিনি গত রোববার জবানবন্দি দেন এবং এরপর তাঁকে জেরা শুরু করেছিল আসামিপক্ষ।রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে। গতকাল সাক্ষী ও ৩৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সুজাউলকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম, শামীম সরদার, ফারুক আহমেদ, মোহাম্মদ রমজান খান, সুলতান মাহমুদসহ কয়েকজন আইনজীবী এবং আসামি বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) মির্জা হাবিবুর রহমান খান।জেরার সময় আসামিপক্ষের এক আইনজীবী বলেন, ষড়যন্ত্রকারীদের একজন ছিলেন সাক্ষী মেজর সুজাউল হক। তিনি যে বাসায় আত্মগোপন করেছিলেন বলে আদালতকে জানিয়েছেন, সেই বাসাটিও ছিল বিদ্রোহীদের একটি কেন্দ্র। জবাবে মেজর সুজা বলেন, এ বক্তব্যের কোনোটিই সত্য নয়।জেরা শেষে বিচারক কয়েকটি জামিন আবেদনের শুনানি করেন। পরে ১২তম সাক্ষী মেজর শাহ আলম জবানবন্দি দেওয়া শুরু করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে বিচারক আদালতের কার্যক্রম আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি করেন। জবানবন্দি শেষে ১২তম সাক্ষীকে আজ জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।