১১০ কর্মচারীর নিয়োগ আটকে আছে মামলা জটিলতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে চট্টগ্রাম ওয়াসায় দৈনিক ভিত্তিতে নেওয়া ১০টি পদে ১১০ অস্থায়ী কর্মচারীকে স্থায়ীভাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা। কিন্তু পাঁচটি পদে নিয়োগ নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়াসা কর্তৃপক্ষ সমঝোতার প্রস্তাব দিলেও লিখিত চুক্তি ছাড়া মামলা প্রত্যাহারে রাজি নন মামলার বাদী ১৯ কর্মচারী।
এ বিষয়ে মামলার বাদীদের আশঙ্কা, লিখিত চুক্তি ছাড়া মামলা তুলে নেওয়ার পর চাকরিচ্যুত করা হতে পারে তাঁদের। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে নিয়োগ স্থগিত পদগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কার্য সহকারী, সার্ভেয়ার, সহকারী পাম্পচালক ও অফিস সহায়ক। এ পদগুলোতে এখন ৫৮ জন কর্মরত আছেন। এঁদের প্রত্যেকের চাকরির বয়স ১০ বছরের ওপর।
ওয়াসা সূত্রে জানা গেছে, ২০০৪ সালে অর্থ ও সংস্থাপন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের আলোকে দৈনিক ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের মধ্যে ৩৫ জনকে নিয়মিত করেছিল ওয়াসা। সে সময় ওয়াসার ২০১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অবশিষ্ট দৈনিকভিত্তিক কর্মচারীদের পর্যায়ক্রমে স্থায়ী করা হবে। কিন্তু এরপর আর এঁদের কাউকে নিয়মিত না করে বিভিন্ন সময়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালে হাইকোর্টে পৃথকভাবে চারটি মামলা দায়ের করেন ১৯ জন কর্মচারী।
ওয়াসা সূত্রে জানা গেছে, সমঝোতার জন্য গত ৩১ জুলাই বাদীদের সঙ্গে বৈঠকে বসেন ওয়াসা সচিব মো. সামসুদ্দোহা। তাঁদের মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য বলেন সচিব। কিন্তু এ বিষয়ে লিখিত চুক্তির দাবি করেন কর্মচারীরা। কিন্তু তাতে রাজি হয়নি ওয়াসা কর্তৃপক্ষ। ওয়াসা সচিব বলেন, ‘আমরা কেন লিখিত চুক্তিতে যাব? মামলা তো ওয়াসা করেনি। তাঁদের তো বলেছিই আমাদের বিশ্বাস করতে হবে, মামলা তুলে নিলে প্রত্যেক কর্মচারীকে স্থায়ী করা হবে।’
দায়ের করা মামলাগুলোর একটির বাদী মহিউদ্দিন মানিক। সহকারী পাম্পচালক হিসেবে যোগদানের পর ১১ বছরেও চাকরি স্থায়ী হয়নি তাঁর। প্রথম আলোকে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের কারও কারও কাছ থেকে জেনেছি, মামলা তুলে নিলেই আমাদের চাকরি থেকে বের করে দেবে। সে কারণে আমরা লিখিত চুক্তির কথা বলেছি। কর্তৃপক্ষ রাজি হলে আমরা কালই মামলা তুলে নেব। মামলা তুলে নিতেও তো আদালতে কাগজপত্র দাখিল করতে হবে।’
এ বিষয়ে সচিব জানান, তাঁদের এ সন্দেহ অমূলক। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে আছেন। তিনি ফিরে এলে অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার উদ্যোগ নেওয়া হবে।