১১০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া অস্বাভাবিক জোয়ারের কারণে বাঁধ ভেঙে পানি ঢুকে ভোলার ১১০ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ৩০টি ইউনিয়ন। হুমকির মুখে পড়েছে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কসহ বেশ কয়েকটি সড়ক। ক্ষতিগ্রস্ত এসব সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাভুক্ত।সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার কাচিয়া-গুড়ামিয়ার হাট সড়ক, পরানগঞ্জ-কাঠির মাথা সড়ক, ধনিয়া ইউনিয়নের তুলাতুলি-পাইলট সড়ক, পরিরহাট-বেড়িবাঁধ সড়ক, তুলাতুলি-জিসি রোড, ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ও ইসমাইল মাস্টারবাড়ি সড়কের মারাত্মক ক্ষতি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা।ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম বলেন, প্লাবিত ও ভাঙনকবলিত এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় প্রতিদিনই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভাঙনের কবলে পড়া লোকজন বাড়িঘর ও আসবাব সরিয়ে নিতে দুর্ভোগের শিকার হচ্ছে।ভোলা এলজিইডির জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম বলেন, জেলার সাতটি উপজেলার প্রায় সব কটি ইউনিয়নে জোয়ারের পানি ঢুকে এলজিইডির অধীন ১০৫ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।আবদুস সালাম জানান, ক্ষতিগ্রস্ত এসব সড়ক সংস্কার করতে তাঁদের কমপক্ষে ৬০ কোটি টাকা ব্যয় হবে। সংস্কারের জন্য ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হবে।এদিকে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলার পরানগঞ্জ থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক জোয়ারের পানিতে ডুবে গেছে। এ কারণে হুমকির মুখে রয়েছে মহাসড়কটি।ভোলার ইলিশা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক শিহাবউদ্দিন বলেন, অস্বাভাবিক জোয়ারের কারণে ভোলা-লক্ষ্মীপুরের গ্যাংওয়েসহ ফেরিঘাট সড়ক ডুবে গেছে। ১২ দিন ধরে জোয়ারের সময় এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।সওজের ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা বলেন, জোয়ারের পানিতে সওজের কমপক্ষে পাঁচ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ২০০ মিটারের রাস্তার ধার, ৭০০ মিটারের আরসিসি পাইলিং ও একটি কালভার্টের উইংওয়াল (প্রবেশপথ রক্ষার দেয়াল) ভেঙে গেছে। এ ছাড়া বেতুয়া-চরফ্যাশন সড়কের দুই কিলোমিটারের রাস্তার ধার ও দেবীরচর-নাজিরপুর বাঁধ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে; পাশাপাশি গুইংগারহাট-চরপাতা-দলিলখাঁরহাট সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।