১১০ জনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগ কার্যালয় এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ১১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত বছর ৯ ডিসেম্বর আসামিরা মঠবাড়িয়া শহরের তুষখালী সড়কে অবস্থিত পৌর আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে। এ সময় তাঁরা ওই কার্যালয়ে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন। এ ঘটনায় রাতে তৎকালীন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বর্তমানে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক) আজিজুল হক মাতুব্বর বিএনপির ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে আসামিরা আদালত থেকে জামিন নেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, ৪০০ আসামির মধ্যে ১১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্তে অন্যদের বিরুদ্ধে ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ‘আমাদের হয়রানি করতে সাজানো এ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।’
মঠবাড়িয়া আদালতের উপপরিদর্শক (সিএসআই) সুষমা বিশ্বাস বলেন, মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন অভিযোগপত্রটি দাখিল করেন।