১১০ জনের মধ্যে চলে গেলেন ৮৪ জনই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) অন্তর্ভুক্ত পদার্থবিদ্যা বিভাগে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন ১১০ জন। পরে ৮৪ জনই বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে ভর্তি হয়েছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিট থেকে উত্তীর্ণ হয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথম সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় গত ৪ ডিসেম্বর। মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয় ১৫ ডিসেম্বর। পরে বিভাগ পরিবর্তনের সুযোগ আসায় ৮৪ জন শিক্ষার্থী পদার্থবিদ্যা ছেড়ে অন্য বিভাগে চলে যান।পদার্থবিদ্যা বিভাগের শূন্য হওয়া ৮৪টি আসনসহ ‘এ’ ইউনিটের শূন্য ১২৭টি আসন পূরণের জন্য দ্বিতীয়বারের মতো অপেক্ষমাণ তালিকা থেকে সাক্ষাৎকার আহ্বান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।একই সঙ্গে ৮৪টি আসন খালি হয়ে যাওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম। তবে তিনি জানান, কালকের (আজ মঙ্গলবার) সাক্ষাৎকারের পর এসব আসন পূরণ করা হবে।পদার্থবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ভর্তির এ চিত্রে উদ্বেগ প্রকাশ করে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মোবাশ্বের আহমেদ বলেন, ‘আমাদের সময় পদার্থবিদ্যা ছিল সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। আর এখন এ বিভাগে পড়াশোনা করতে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছেন, যা খুবই হতাশা ও উৎকণ্ঠার ব্যাপার।’