১১০টি গুলি ও ওয়্যারলেসের যন্ত্রাংশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী খলচান্দা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার চায়নিজ রাইফেলের ১১০টি তাজা গুলি, ফিক্সড ওয়্যারলেস সেটের যন্ত্রাংশ, বিদেশি মদ ও ভারতীয় সিমকার্ডসহ তিনটি মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল পুলিশ অভিযান চালিয়ে খলচান্দা গ্রামের মাদক ব্যবসায়ী পরমেশ্বর কোচের (৩৬) বাড়ি থেকে চায়নিজ রাইফেলের ওইসব গুলি, ফিক্সড ওয়্যারলেসের আটটি যন্ত্রাংশ, বিদেশি ১৫ বোতল মদ, ভারতীয় সিমকার্ডসহ তিনটি মুঠোফোন উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পরমেশ্বর কোচ বাড়ি থেকে পালিয়ে যান। পুলিশ সুপার মো. আনিছুর রহমান প্রথম আলোকে জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা ও অস্ত্র আইনে ডিবির উপপরিদর্শক (এসআই) মিঠু মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় পৃথক দুটি মামলা করেছেন। এ ছাড়া পরমেশ্বরের বিরুদ্ধে শেরপুর ও ময়মনসিংহে একাধিক মামলা রয়েছে। তাঁকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।