১১০০ মিটার রাস্তার কাজ এক বছরেও শেষ হয়নি!
খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে মাত্র এক হাজার ১০০ মিটার রাস্তার ঢালাইয়ের কাজ এক বছরেও শেষ করতে পারেননি সংশ্লিষ্ট ঠিকাদারেরা। গত ৩১ মে কাজ শেষ করার কথা ছিল। কাজ শেষ না হওয়ায় চলতি বর্ষায় উপজেলাবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করেছে।ডুমুরিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুলাই মাসে খুলনার মেসার্স খান এ জলিল ডুমুরিয়ার দুধবাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ৬০০ মিটার সড়কে আরসিসি ঢালাইয়ের জন্য ২৭ লাখ টাকার কাজ পায়। অনুরূপ ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ মোড় থেকে কিষানহাট পর্যন্ত ৫০০ মিটার সড়ক ঢালাইয়ের ২৫ লাখ টাকার কাজ পায় মনির অ্যান্ড ব্রাদার্স। গত ৩০ মের মধ্যে এই কাজ সম্পন্ন করার কথা ছিল। মেসার্স খান এ জলিল পরে কাজটি ছেড়ে দেয়।সোমবার সরেজমিনে দেখা গেছে, রাস্তার দুই পাশে প্রায় দেড় ফুট উঁচু ইটের গাঁথুনি দেওয়া হয়েছে। মাঝে সামান্য পরিমাণ বালু ও ইট ফেলা হয়েছে। ফলে বৃষ্টির পানি ও মাটি কাদা হয়ে যাওয়ায় হেঁটেও চলাচল করা যাচ্ছে না। উপজেলা সদর থেকে কোনো যানবাহন মহাসড়কে যাতায়াত করতে পারছে না। ডুমুরিয়া গ্রামের মোশাররফ হোসেন বলেন, ‘এক বছর ধরে ঠিকাদারেরা এট্টু এট্টু করে রাস্তার কাজ কত্তেছে। রাস্তার দুই পাশ দিয়ে নিম্নমানের ইটের গাঁথুনি দেওয়া হয়েছে। এখন বর্ষায় পানি আটকে যাওয়ায় হাঁটারও উপায় নেই।’মনির অ্যান্ড ব্রাদার্সের পক্ষে কর্মরত ঠিকাদার শফিকুল ইসলাম বলেন, এলাকার কিছু লোকের অহেতুক বাধা সৃষ্টি ও মালামালের দাম বেড়ে যাওয়ায় এবং সরকারি খরচ পুনর্মূল্যায়নে সময় লাগায় কাজে দেরি হয়েছে। ইতিমধ্যে ইট বিছানোর কাজ প্রায় শেষ। একটা বিল পেলে জুলাই মাস থেকে ঢালাই দেব।’উপজেলা প্রকৌশলী আবদুল খালেক বলেন, ‘সরকার এখনো টাকা ছাড় করেনি বলে ঠিকাদারকে চাপ দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে মেসার্স খান এ জলিল কাজ করতে না পারার কথা জানানোয় তার দরপত্র বাতিল করা হয়েছে। আর মনির অ্যান্ড ব্রাদার্সের পক্ষে শফিকুল ইসলাম কাজটি অব্যাহত রেখেছেন। আশা করছি, জুলাই মাসে কাজ শুরু হবে।’