১১১ চিকিৎসকের রিভিউ: বিএসএমএমইউতে অনুমোদিত পদ-কর্মরতদের তথ্য চেয়েছেন আদালত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্তব্যরত চিকিৎসক ও অনুমোদিত পদ বিষয়ে তথ্য জানতে চেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আগামী রোববার প্রতিবেদন আকারে এ তথ্য জানাতে বিশ্ববিদ্যালয়ের কৌঁসুলিকে বলা হয়েছে।
আপিল বিভাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) ১০ বছর আগে নিয়োগ পাওয়া ১১১ জন চিকিৎসকের করা আবেদনের শুনানিতে আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ তথ্য জানাতে বলেন। পাশাপাশি ৪ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।
আদালতে ১১১ জন চিকিৎসকের পক্ষে ছিলেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, রোকন উদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও শরীফ ভূঁইয়া। বিএসএমএমইউ পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম।
পরে মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, তাদের (রিভিউ আবেদনকারী) নেওয়ার সুযোগ নেই বলেছি। এখন বিশ্ববিদ্যালয় এই ভার আর বহন করতে পারবে না। অনুমোদিত পদ একটি অধ্যাপক সেখানে হয়তো তিনজন আছে। বিভাগগুলো কতগুলো অনুমোদিত পদ আছে, কতজন আছেন—আদালতের কাছে এই তথ্যগুলো দেব।
চিকিৎসকদের কৌঁসুলি এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ১১১ জন চিকিৎসকের করা পৃথক পাঁচটি রিভিউ আবেদন করেছিল, এর শুনানি চলছে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত চিকিৎসক, অনুমোদিত পদের সংখ্যা ও জনবল বিষয়ে রোববারের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছেন।
জানা যায়, ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এর সূত্র ধরে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত কয়েকশ চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি অধ্যাপক এম. ইকবাল আর্সলান। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০০৬ সালে হাইকোর্ট রুলসহ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট চিকিৎসকদের নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন। রায়ে বলা হয়, ২০০৫ সালের ১৮ অক্টোবর প্রকাশিত বিজ্ঞাপনে ‘কিছু সংখ্যক’ শব্দ বেআইনি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে চিকিৎসকদের পক্ষে আবেদন করা হলে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি তা খারিজ হয়। এই আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ১১১ চিকিৎসক আবেদন করেন, যা সোমবার শুনানির জন্য ওঠে।