বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের কমিটি হয়েছিল সাত বছর আগে ২০০৩ সালে। ১১১ সদস্যবিশিষ্ট ওই কমিটির নিয়মিত ছাত্রত্ব রয়েছে মাত্র একজনের। সংগঠনের অধিকাংশ নেতা-কর্মী চাকরি ও বিয়ে করে সংসার করছেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতা-কর্মীই নিয়োগ-বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের কর্মীরা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলন শেষে নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।‘নতুন কমিটি চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিস (৩৩) বিয়ে করেছেন। তিনি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ-বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এ ধরনের প্রমাণ নেতা-কর্মীদের হাতে রয়েছে। ঢাকায় থেকেও তিনি মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রুপিং, নিয়োগ ও টেন্ডার-বাণিজ্য এবং ক্যাম্পাসে রাজনীতি করছেন। সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রয়েল (৩৪) তিন-চারবার মাস্টার্স ভর্তি বাতিল করে আবার ভর্তি হয়ে ছাত্রত্ব ধরে রেখে ক্যাম্পাসে নিয়োগ-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। এ ব্যাপারে সভাপতি সারোয়ার মুর্শেদ ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। স্বার্থান্বেষী মহল চক্রান্ত করে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে উভয় নেতাই নতুন কমিটি হওয়া দরকার বলে মনে করেন।ছাত্রলীগের কর্মীরা জানান, সর্বশেষ ২০০৩ সালের ১৬ জুলাই বাকৃবি শাখা ছাত্রলীগের দুই বছর মেয়াাদ কমিটি গঠিত হয়। মেয়াদ শেষ হওয়ার প্রায় পাঁচ বছর পার হলেও বাকৃবি শাখা ছাত্রলীগের কর্মীরা নতুন কমিটির মুখ দেখেননি। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগে যুক্ত হওয়ার পর অনার্স-মাস্টার্স শেষ করেও কোনো পদ পাননি। আবার একই পদে দীর্ঘদিন বহাল থেকে অধিকাংশ নেতা রাজনৈতিক কার্যক্রমে উৎসাহ হারিয়ে ফেলছেন। কর্মীরা জানান, ১১১ জনের কমিটির একজন ছাড়া সভাপতি-সাধারণ সম্পাদক সব নেতা বিবাহিত, নয়তো বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। মাসখানেক আগে ওই কমিটির নয়জন নেতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেকশন অফিসার হিসেবে যোগ দিয়েছেন। অনেকেই ছাত্রলীগের সদস্য হওয়ার সর্বোচ্চ ২৯ বছরের সীমা অতিক্রম করেছেন। বাকৃবি ছাত্রলীগের নতুন কমিটির ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি ঘোষণা করা হয়েছে, শিগগিরই বাকৃবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটির একমাত্র নিয়মিত সদস্য মোরশেদুল আলম চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ছাত্রলীগের কর্মী সুব্রত কুমার দাস জয়। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কর্মী মো. শামছুদ্দিন আল আজাদ, মো. হাসান আলী প্রমুখ।