১১২ ঘণ্টা পর উপাচার্য 'সত্যিই' মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিন অবরুদ্ধ থাকার পর মুক্ত উপাচার্য নিজ কক্ষে কাজ করছেন। ছবি: প্রথম আলো
কয়েক দিন অবরুদ্ধ থাকার পর মুক্ত উপাচার্য নিজ কক্ষে কাজ করছেন। ছবি: প্রথম আলো

অবশেষে মুক্ত হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ৩৩৮ জন কর্মকর্তা-কর্মচারী তাঁদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করায় উপাচার্য মুক্ত হন। আজ সোমবার দিনভর তিনি দাপ্তরিক কাজ করেছেন।
এদিকে কাল মঙ্গলবার আন্দোলনরত ৩৩৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন প্রদান করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবরোধ থেকে উপাচার্য মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পর গত শনিবার হঠাত্ করে বিকেলে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা। মধ্যরাত পর্যন্ত তাঁরা তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। কিন্তু এ বিষয়ে উপাচার্য তাঁদের সঙ্গে কথা বলতে তেমন কোনো আগ্রহ প্রকাশ করেননি। কেননা, তাঁদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি পুরোপুরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এখতিয়ারভুক্ত বিষয়। এ কারণে উপাচার্য তাঁদের কোনো কথা দিতে পারেননি। এভাবে একাধিকবার বৈঠকের পর অস্থায়ী নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা প্রধান ফটকের তালা খুলে দিয়ে ক্যাম্পাস থেকে নীরবে চলে যান।
এ কে এম নূর-উন-নবী আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাত তিনটার দিকে একটানা ছয় দিন ধরে অবরুদ্ধ থাকা থেকে মুক্ত হয়ে বাইরে বের হই। রাতে ক্যাম্পাসে একাকী হাঁটাচলা করি। ক্যাম্পাসে অবস্থিত বাসায় না গিয়ে পুনরায় কক্ষে ফিরে যাই। সেখানে চেয়ারের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল থেকে বেতন-ভাতা প্রদানের দাপ্তরিক কাজ করি।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘গত শনিবার রাত তিনটায় আমি স্যারের কক্ষ থেকে বেরিয়ে বাড়ি চলে যাই। কিন্তু উপাচার্য বাইরে ঘুরে আবার তাঁর কক্ষে ফিরে যান। আজ সকালে গিয়ে দেখি তিনি বেতন-ভাতার কাগজপত্রে স্বাক্ষর করছেন।’
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষকদের পৃথক পৃথক ব্যানারে উপাচার্যের কক্ষের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। এর মধ্যে গত শুক্রবার দুপুরে শিক্ষকেরা আমরণ অনশন কর্মসূচি স্থগিত করলেও প্রগতিশীল শিক্ষকেরা আন্দোলন অব্যাহত রাখেন। এরপর গত শনিবার রাতে এ সংগঠনের শিক্ষকেরা ধর্মঘট স্থগিত করলেও বিকেল থেকে হঠাত্ অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ৩৩৮ জন কর্মকর্তা-কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলে পুনরায় উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ৬৭৪ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর মধ্যে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ৩৩৬ জনের বেতন আসে ইউজিসি থেকে। উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের বেতন কাল মঙ্গলবার প্রদান করা হবে বলে উপাচার্য নিশ্চিত করেছেন।
উপাচার্য প্রথম আলো ডটকমকে বলেন, ‘অবরুদ্ধ থাকা একটানা ছয় দিন পর এখন আমি মুক্ত। আজ সন্ধ্যায় জনতা ব্যাংকের ব্যবস্থাপককে ডেকে শিক্ষকদের সঙ্গে কথা বলিয়েছি। কাল তাঁরা বেতন তুলতে পারবেন বলে আশা করি।’ এদিকে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে তিনি বলেন, ‘এটি ইউজিসির বিষয়। আমার কোনো করণীয় নেই।’
অন্যদিকে সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া চলতি বছরে ৫ মে চাকরি থেকে অব্যাহতি নেন। অব্যাহতির আগে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছিলেন মোট ৬৭৪ জন। এর মধ্যে ২৬০ জনের চাকরি স্থায়ীকরণ ছিল। ৬ মে নতুন উপাচার্য হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ কে এম নূর-উন-নবী। তিনি নতুন করে ৭৬ জনের পদায়ন করেন। এর ফলে স্থায়ীভাবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ৩৩৬ জনে। অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ৩৩৮ জনের চাকরির মেয়াদ ছিল গত জুন মাস পর্যন্ত।