
টানা ১১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা গত রোববার দিবাগত রাত তিনটায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকের তালা খুলে দেন। এরপর নিজের কার্যালয় থেকে বেরিয়ে আসেন উপাচার্য।এদিকে, ৩৩৬ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন আজ মঙ্গলবার দেওয়া হবে বলে জানা গেছে। উপাচার্যও বিষয়টি নিশ্চিত করেছেন।উপাচার্য নূর-উন-নবী গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একটানা ছয় দিন অবরুদ্ধ থাকার পর রোববার রাত তিনটার দিকে মুক্ত বাতাসে বের হই। কার্যালয় থেকে বের হয়ে ওই রাতে উন্মুক্ত বাতাসে ক্যাম্পাসে একাকী হাঁটাচলা করি। এরপর বাসায় না গিয়ে পুনরায় নিজের কার্যালয়ে ফিরে যাই এবং চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল থেকে বেতন-ভাতা প্রদানের দাপ্তরিক কাজ শুরু করি। কাল (আজ) সকালে সবাই বেতন তুলতে পারবেন বলে আশা করছি।’বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘শনিবার রাত তিনটায় আমি স্যারের কক্ষ থেকে বের হয়ে বাসায় যাই। কিন্তু উপাচার্য স্যার বাইরে ঘুরে আবারও তাঁর কক্ষে ফিরে যান। সকালে গিয়ে দেখি, তিনি বেতন-ভাতার কাগজপত্রে স্বাক্ষর করছেন।’বকেয়া বেতনের দাবিতে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে একটি অংশ প্রগতিশীল শিক্ষক সমাজ এবং অপর অংশ সাধারণ শিক্ষকদের ব্যানারে গত মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্যের কক্ষের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি শুরু করে। তখন থেকে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য। এর মধ্যে সাধারণ শিক্ষকেরা গত শুক্রবার দুপুরে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন। কিন্তু প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষকেরা আন্দোলন অব্যাহত রাখেন। এরপর গত শনিবার রাতে এ সংগঠনের শিক্ষকেরা ধর্মঘট স্থগিত করলেও ওই দিন বিকেলে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ৩৩৮ জন কর্মকর্তা-কর্মচারী তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিষয়। এখানে আমার করণীয় কিছু নেই।’ উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুহামঞ্চদ আবদুল জলিল মিয়ার সময় ইউজিসির অনুমোদন ছাড়াই বিশ্ববিদ্যালয়ে কয়েক শ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। গত ৫ মে জলিল মিয়াকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পর থেকে ৩৩৮ জন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন।