১১৩ জনের জ্বরই চিকুনগুনিয়া ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ি জেলেপাড়ায় জ্বরে আক্রান্ত ১১৩ জনের চিকুনগুনিয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৩১ অক্টোবর প্রতি ঘরে ঘরে বাসিন্দাদের জ্বর ও শরীরে ব্যথা হয়। গ্রামে এত মানুষের জ্বর হওয়ার ঘটনা আলোড়ন তোলে। খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা ওই এলাকায় যান। তাঁরা ৭৫ জন আক্রান্ত বাসিন্দার রোগের লক্ষণ দেখে চিকুনগুনিয়া হয়েছে বলে সিদ্ধান্ত নেন। ১ নভেম্বর আরও ২০ জন জ্বরে আক্রান্ত হয়। ২ নভেম্বর ঢাকার রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে আসা জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আহমেদ জাকির নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল আক্রান্ত রোগীদের থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের কীটতত্ত্ববিদেরা ওই জেলেপাড়ায় থেকে লার্ভাসহ (মশার কীট) মশার নমুনা সংগ্রহ করেন। সেগুলো ঢাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়।
ওই জেলেপাড়ায় আক্রান্ত ১৪ জনের নমুনা পরীক্ষার পর চিকুনগুনিয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন মো. আজিজুর রহমান সিদ্দিকী।
আজ বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, যে ১৪ নমুনা ঢাকায় পরীক্ষার জন্য নেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের চিকুনগুনিয়া হয়েছে বলে নিশ্চিত হয়েছেন তাঁরা। এ ছাড়া এলাকায় এডিস মশারও আধিক্য ছিল বলে নিশ্চিত হয়েছেন কীটতত্ত্ববিদেরা।
সিভিল সার্জন মো. আজিজুর রহমান সিদ্দিকী আরও বলেন, পরপর কয়েক দিনে ১১৩ জন এ রোগে আক্রান্ত হলেও এখন নতুন করে ওই এলাকায় আর কোনো মানুষের চিকুনগুনিয়া ধরা পড়েনি। ওই এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন মশা নিধন করেছে।
সিভিল সার্জন বলেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার মেডিকেল টিম সেখানে থাকবে। নতুন কোনো রোগী না পাওয়া গেলে বৃহস্পতিবারেই সেখানকার মেডিকেল টিম তুলে নেওয়া হবে।