চলতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ১০৩ শিক্ষককে সংবর্ধনা ও অবসরে যাওয়া ১০ শিক্ষককে সম্মাননা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে তাঁদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোজাফফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ জে এম নূরুদ্দীন চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ফসিউল আলম, সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে সমাজতত্ত্ব বিভাগের মরহুম আবুল কাসেম চৌধুরীর স্ত্রী নিলুফার চৌধুরী, বাংলা বিভাগের ভূঁইয়া মো. ইকবাল, ইতিহাস বিভাগের মোহাম্মদ আবু তাহের চৌধুরী ও প্রাচ্যভাষা বিভাগের জ্যোতিষ বড়ুয়া। নবাগত শিক্ষকদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনিমেষ বিশ্বাস বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শন বিভাগের শিক্ষক মাছুম আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম বিদায়ী শিক্ষকদের অবদান উল্লেখ করে বলেন, ‘শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত থেকে তাঁদের অকুণ্ঠ ত্যাগ, কঠোর শ্রম, সনিষ্ঠ সাধনা ও অমায়িক আচরণ আমাদের কর্মপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের অন্যতম দায়িত্ব হচ্ছে শিক্ষাদান, গবেষণা ও প্রকাশনায় নতুন জ্ঞানের অনুসন্ধান করা। শিক্ষকতার জীবনে বিত্ত-বৈভব জমকালো প্রাচুর্য নেই, আছে ঈর্ষণীয় সামাজিক মর্যাদা। সম্মাননা পাওয়া বিদায়ী শিক্ষকেরা হলেন ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আবদুস সোবহান ভূঁইয়া, চারুকলা ইনস্টিটিউটের আবুল মনসুর, বাংলা বিভাগের ভূঁইয়া মো. ইকবাল, অর্থনীতি বিভাগের সৈয়দা তাহেরা, ইতিহাস বিভাগের এখলাসুল কবির ও মোহাম্মদ আবু তাহের চৌধুরী, গণিত বিভাগের মুন্সী নজরুল ইসলাম, সমাজতত্ত্ব বিভাগের আবুল কাশেম চৌধুরী (মরণোত্তর), প্রাচ্যভাষা বিভাগের জ্যোতিষ বড়ুয়া ও কিরণ শঙ্কর ভট্টাচার্য। অন্যদিকে চলতি বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ১০৩ জন শিক্ষক যোগ দেন।