১১৩দিন পর টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আজ রোববার সকাল ১০টা থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সাগর উত্তাল হয়ে পড়ায় চলতি বছরের ৬ জুন থেকে এই নৌপথে পর্যটক পারাপারে নিয়োজিত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল স্থানীয় প্রশাসন। ১১৩দিন বন্ধ থাকার পর আজ রোববার সকালে এ নৌপথে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রু অ্যান্ড ডাইন ও বে ক্রুজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে টেকনাফ থেকে ছেড়ে গেছে।

চলতি বছরের ৪ জুন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে পরলে ৬ জুন স্থানীয় প্রশাসন এ নৌপথে সবকটি জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এরপর টেকনাফের দমদমিয়া জেটি ঘাটে চারটি জাহাজ তুলে নোঙর করে রাখা হয়। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম ডক ইয়ার্ডে আরও চারটি জাহাজের মেরামতের কাজ করা হচ্ছে।

জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রু অ্যান্ড ডাইন ও এলসিটি কুতুবদিয়া সারা বছর এবং ঈগল-১, বে ক্রুজ, এলসিটি কাজল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত, গ্রীণ লাইন-১ জাহাজ শুধু ডিসেম্বর-মার্চ মাস পর্যন্ত চলাচল করে আসছিল।

কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের কক্সবাজারের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির জানান, এ নৌপথে চলাচলের জন্য আমাদের দুটিসহ তিনটি জাহাজের সারা বছরের অনুমতি রয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে জাহাজ চলাচল বন্ধ দিয়েছিল। এরপর ১১৩দিন জাহাজ চলাচল বন্ধ ছিল। বর্তমানে সাগর শান্ত থাকায় আবারও পর্যটক পারাপারের অনুমতি দেওয়া হয়েছে। তাই আজ রোববার থেকে পুনরায় জাহাজ চালু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল প্রথম আলোকে জানান, শর্ত সাপেক্ষে এ নৌপথে জাহাজ চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আবহাওয়ার কোনো সতর্ক সংকেত পাওয়া গেলে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।