দেশের সড়ক-মহাসড়কে গত ১১৪ দিনে ১ হাজার ২ জনের প্রাণ ঝরেছে। অর্থাৎ, এই সময়ে দিনে সড়ক দুর্ঘটনায় গড়ে ৮ জনের প্রাণ গেছে। গবেষণা বলছে, দেশের মহাসড়কগুলোই বেশি প্রাণঘাতী। এর মূলে রয়েছে যানবাহনের অত্যধিক গতি ও চালকের বেপরোয়া মনোভাব।
সড়ক দুর্ঘটনার সরকারি হিসাব সংরক্ষণ করে পুলিশ। এতে দেখা গেছে, ২০১৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২ হাজার ৩৭৬ জন। গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে প্রাণ গেছে ১ হাজার ৪২২ জনের।
অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে, ২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ২১ হাজারের বেশি মানুষ।
গত ১১৪ দিনে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা হাজার ছাড়ানো প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই অল্প সময়ের মধ্যে অন্য কোনো কারণে কি দেশে এত লোক মারা গেছে? যদি মারা যেতই, তাহলে কী পরিমাণ নজর দেওয়া হতো? কিন্তু সড়ক দুর্ঘটনায় এভাবে প্রাণহানিতে কি সেই নজর আছে, এই প্রশ্ন রাখতে চাই।’ তিনি আরও বলেন, একজন মানুষও মারা যাওয়া কষ্টের। কিন্তু সংখ্যাটা যদি অর্ধেক হতো, তাহলে কত পরিবার বেঁচে যেত? দেশ আর্থিকভাবে কত ক্ষতি থেকে রক্ষা পেত, এর হিসাব কে রাখছে?
গতকাল সোমবার দেশের ছয় জেলায় ৬ জন নিহত হয়। এই নিয়ে গত ১১৪ দিনে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
সড়ক দুর্ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহকর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক মাসুদ আলম (২৮) নিহত হয়েছেন। এ সময় সংগঠনটির সহমুক্তিযুদ্ধ গবেষণাবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন ও মাসুদের ছোট ভাই রোমানও আহত হন।
রোমানের বন্ধু মো. মনসুর প্রথম আলোকে বলেন, চিকিৎসক দেখাতে গতকাল সকালে যাত্রাবাড়ীর বাসা থেকে তিনি মোটরসাইকেলে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন মাসুদ আলম। নিজাম ও রোমান পেছনে বসা ছিলেন। মোটরসাইকেলটি যাত্রাবাড়ী চৌরাস্তার কাছে এলে রাইদা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
রংপুর শহরের দমদমা এলাকায় গতকাল সকালে ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মদিনা এক্সপ্রেসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম আনোয়ার হোসেন (৪৫)। তিনি খালেক এন্টারপ্রাইজের বাসের চালক। এ দুর্ঘটনায় দুই বাসের ৪০ জন যাত্রী আহত হয়।
নীলফামারীর সৈয়দপুরে দুপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে বিনোদ কুমার রায় (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় সকালে রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধ নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গতকাল বিকেল পর্যন্ত তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।
যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় সকালে বাসের ধাক্কায় এক আলমসাধুচালক নিহত হয়েছেন। তাঁর নাম কামাল হোসেন (২৮)। তাঁর বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার দর্গাহপুর গ্রামে।
রাজশাহীর গোদাগাড়ীতে সকালে বিআরটিসির একটি বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। তাঁর নাম মুরসালিন (২৫)। বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়।