১১৫ জন কর্মকর্তা ও কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল
সরকারি চাকুরে ও বেতন বাবদ সরকারি সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ১১৫ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তাঁদের নামে প্রকাশিত গেজেট ও সনদ বাতিল করেছে সরকার। এর মধ্যে সর্বশেষ দফায় গত ফেব্রুয়ারিতে ২৭ জন কর্মকর্তা-কর্মচারীর সনদ বাতিল করা হয়েছে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্তৃপক্ষের করা সুপারিশে এসব সনদ বাতিল করা হয়েছে।জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের কাজ চলছে। যেসব কর্মকর্তা-কর্মচারী ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হচ্ছেন, তাঁদের সনদ বাতিল করা হচ্ছে।’সরকারি চাকরিতে এখন ১১ হাজার ৭৮২ জন মুক্তিযোদ্ধা আছেন। অভিযোগ রয়েছে, গত কয়েক বছরে সনদ সংগ্রহ করা কর্মকর্তা-কর্মচারীর অনেকে প্রকৃত মুক্তিযোদ্ধা নন। সরকার মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান ও নাতি-নাতনিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ায় এত দিন সনদ না নিলেও সাম্প্রতিক সময়ে অনেকে সনদ সংগ্রহ করছেন। বর্তমান সরকার দুই দফা সময় বাড়িয়ে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স ৬০ বছর করেছে।মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বলেন, গত কয়েক বছরে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসায় গোয়েন্দাদের মাধ্যমে সরকার সনদ নেওয়া ও সনদের জন্য আবেদন করা কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তদন্ত চালায়।জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘যেসব অমুক্তিযোদ্ধা সনদ জোগাড় করে সুবিধা নিয়েছেন, তাঁদের সেই সুবিধা বাতিল করা হবে।’সর্বশেষ ২৭ জন: মন্ত্রণালয়ের সূত্রমতে, বাতিল করা বেশির ভাগ সনদের তারিখ ২০০৩ থেকে ২০১২ সালের মধ্যে। সর্বশেষ দফা সনদ বাতিল হওয়া ২৭ কর্মকর্তা-কর্মচারী হলেন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের বাঁধাই শাখার চেকার আবদুস ছালাম, সাব-রেজিস্ট্রার আবদুল মান্নান, বরিশালের মেহেন্দীগঞ্জের সন্তোষপুর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বাগেরহাট জেলা মৎস্য অফিসের হিসাবরক্ষক অলিউর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ এ আর এম মাহবুব উল আলম, নওগাঁ মহাদেবপুরের উপখাদ্য পরিদর্শক মো. ইব্রাহিম মিয়া, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (বর্তমানে বিশেষ জজ) আ ক ম জহুরুল আলম, সহকারী কর কমিশনার মো. আবু ইউসুফ, অবসরপ্রাপ্ত সহকারী সাব-রেজিস্ট্রার (ভোলা) মো. রুহুল আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এ কে এম জাফর উল্যাহ, গাজীপুরের কালিয়াকৈরের উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. ইয়াকুব আলী, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের মুখ্য কর্মকর্তা আবদুল বাছেত মিয়া, চাঁপাইনবাবগঞ্জের সদর সাব-রেজিস্ট্রার অফিসের ধীরেন্দ্র নাথ সিংহ, কুড়িগ্রামের নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সর্ব্বেশ্বর সরকার, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ছেত্রাখালী শহীদুল্লাহ রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, চাঁদপুরের হাইমচরের পরিবার পরিকল্পনা পরিদর্শক সিরাজুল ইসলাম, বগুড়ার শেরপুরের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান, বরিশাল মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকের উচ্চমান সহকারী কাম কোষাধ্যক্ষ মো. কেরামত আলী সরদার, চাঁদপুরের ফরিদগঞ্জের দক্ষিণ নদোনা রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদ উল্যা সাউদ, ফেনী জেলার জহিরুল হক, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের মাসুদ হাসান, গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. লিমিটেডের গাড়িচালক ওসমান গনি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (অব.) আজিজুল হক, বিমান সদর দপ্তরের কাজী আনোয়ার হোসেন, রাজশাহীর বাগমারার ১৭ নম্বর হাসানপুর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটর আমিনুর রহমান।সনদ বাতিল হওয়া এ কে এম জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘এত দিন প্রয়োজন মনে না হওয়ায় সনদের আবেদন করিনি। গত বছর করেছি। বাতিলের বিষয়টি আপনার কাছেই শুনলাম।’ নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে জাফর উল্যাহ জানান, তাঁর কাছে জেনারেল আতাউল গনি ওসমানীর (অব.) স্বাক্ষরিত সনদ আছে।বিভিন্ন সময়ে তালিকায় বহু অমুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ আছে। এ কারণে তালিকা এখন যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে মন্ত্রণালয়ের সনদ, মুক্তিযোদ্ধা সংসদের দেওয়া প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ, মুক্তিবার্তার চূড়ান্ত তালিকা (লাল বই) ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদেরকে মন্ত্রণালয়ের খসড়া তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে।