১১৫ পথে বর্জ্য নামে ৬৯টিই ওয়াসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ন্ত্রণহীন দূষণে মৃতপ্রায় রাজধানীর বুড়িগঙ্গা ও পাশের তুরাগ নদ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাম্প্রতিকতম জরিপ বলছে, দুই নদীতে ১১৫ পথে প্রতিনিয়ত বর্জ্য যাচ্ছে। তার ৬৯টিই ঢাকা ওয়াসার। অথচ রাজধানীতে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের দায়িত্বে থাকা এ সংস্থাটিই কয়েক বছর আগে নদী থেকে বর্জ্য অপসারণে ২৬ কোটি টাকা খরচ করেছিল।
গত জানুয়ারির শেষ দিকে নিজস্ব জাহাজে বিআইডব্লিউটিএর একটি দল এই জরিপ চালিয়েছে। জরিপের ভিত্তিতে নদীতে বর্জ্য ফেলার পথের ওই তালিকা করা হয়। তালিকা অনুযায়ী ঢাকা সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত ৭৯টি এবং উল্টো দিকে ফতুল্লা পর্যন্ত ৩৬টি পথে বুড়িগঙ্গা ও তুরাগে বর্জ্য যায়। যায় শীতলক্ষ্যা নদীতেও।
জরিপে দেখা যায়, বিভিন্ন পথে পয়োবর্জ্য, গৃহস্থালির বর্জ্য, মিল-কারখানা, ট্যানারির রাসায়নিকসহ নানা বর্জ্য, হাসপাতাল, কাঁচাবাজার ও এলাকার বারোয়ারি বর্জ্য নদীতে পড়ছে। দূষিত হওয়ার পাশাপাশি নদী হচ্ছে ভরাট।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) এ বিষয়ে বারবার অবহিত করে চিঠি দেওয়া হলেও কাজ হচ্ছে না। সবশেষ চিঠি দেওয়া হয়েছে গত ৬ ফেব্রুয়ারি। তিনি বলেন, শিগগিরই দূষণপথ বন্ধের বিষয়ে অভিযান চালানো হবে। তবে সমন্বিত উদ্যোগ না নিলে নদীদূষণ চলতেই থাকবে।
ওয়াসার গত বছরের এক হিসাবমতে, রাজধানীতে দৈনিক পয়োবর্জ্যের পরিমাণ ১৩ লাখ ঘনমিটার। এর মধ্যে পাগলা পয়োশোধনাগারের পরিশোধন ক্ষমতা এক লাখ ২০ হাজার ঘনমিটার। বিশেষজ্ঞরা মনে করেন, বাকি ১২ লাখ ৫০ হাজার টন ঘনমিটার অপরিশোধিত অবস্থায় বিভিন্নভাবে বুড়িগঙ্গাসহ আশপাশের নদীতে যায়।
ওয়াসার ভিন্নমত: ওয়াসা বলছে, বুড়িগঙ্গা বা অন্য নদীদূষণের জন্য তারা সরাসরি দায়ী নয়। ওয়াসার কোনো পয়োলাইনের সংযোগ নদীর সঙ্গে নেই। নোংরা পানি অপসারণের ড্রেনেজ লাইন ও খালের সঙ্গে ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ সংযোগ দেয়। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর ৩০ ভাগ বর্জ্য পয়োলাইনের মাধ্যমে পাগলা শোধনাগারে যায়। নিয়ম অনুযায়ী, বাকি ৭০ ভাগ এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প স্থাপনার নিজস্ব ব্যবস্থাপনায় সেপটিক ট্যাংক করার কথা। কিন্তু অনেক বাড়ির শৌচাগার থেকে ওয়াসার ড্রেনেজ লাইনের সঙ্গে অবৈধ সংযোগ আছে।
ওয়াসা এসব অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন—এ প্রশ্নের জবাবে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম বলেন, মাঝেমধ্যে অভিযান হয়। কিন্তু আবার অবৈধ সংযোগ নেওয়া হয়। নোটিশ পাঠানো হয়, বিজ্ঞপ্তিও দেওয়া হচ্ছে। এ বিষয়ে সার্বক্ষণিক নজর রাখা ওয়াসার পক্ষে সম্ভব হয় না।
সিটি করপোরেশনেরও দায়: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন শ্যামবাজার কাঁচাবাজারের বর্জ্য ছাড়াও আবর্জনাবাহী গাড়ি ও কনটেইনার থেকে অনেক সময় সরাসরি নদীতে বর্জ্য ফেলা হয়। আবার নদীর তীরে করপোরেশনের ট্রেড লাইসেন্সধারী কিছু প্রতিষ্ঠান সরাসরি নদীকে দূষিত করছে। এসব বন্ধে ডিএসসিসিকে চিঠিও দিয়েছে বিআইডব্লিউটিএ। কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে না।
এ বিষয়ে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান জাভেদ ইকবাল বলেন, চিঠি তাঁর হাতে আসেনি। তবে প্রতি শনিবার নদীর তীরের কাঁচাবাজার পরিষ্কার করা হয়। বর্জ্যবাহী গাড়ি থেকে নদীতে ময়লা ফেলার সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।
যেসব পথে বর্জ্য যায়: নদীতে যেসব পথ দিয়ে বর্জ্য যায় সেগুলো হচ্ছে বাবুবাজার সেতুর নিচে নদীর পাড়ে একটি, লালবাগের নলখোলায় চারটি, সোয়ারীঘাট ও মাছঘাটের মাঝে একটি এবং সোয়ারীঘাটে আরও চারটি, জিঞ্জিরা, কামরাঙ্গীরচরের মুসলিমবাগের একটি, নয়াগাঁও ও কাউলাহাটির দুটি, সরাসরি কামরাঙ্গীরচরের ১১টি, চর রঘুনাথপুরে দুটি, নবাবচরে চারটি, খোলামুড়ায় দুটি, হাজারীবাগ ঝাউচর গুদারাঘাটে একটি, রায়েরবাজার স্লুইসগেটে একটি, বছিলা বৃত্তাকার নৌপথের ল্যান্ডিং স্টেশনের নিচে একটি, মোহাম্মদপুর ঢাকা উদ্যানের কাছে একটি, আদাবরে পাঁচটি, কল্যাণপুর স্লুইসগেটে একটি, দ্বীপনগরে সাতটি, পূর্বাশা কাঁচাবাজারে একটি, গাবতলী পশুরহাটে একটি, মিরপুরের জহুরাবাদে একটি, সাভারের কাউনিয়ায় একটি, সিন্নিরটেক স্লুইসগেটে একটি, মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের কাছে একটি, রুস্তমপুরে একটি এবং গোড়ান চটবাড়ি স্লুইসগেটের কাছের একটি পথ।
সদরঘাট থেকে ফতুল্লা পর্যন্ত এলাকায় যে ৩৬টি পথে নদীতে বর্জ্য যায় সেগুলো হচ্ছে শ্যামবাজারে দুটি, ফরাশগঞ্জ ও গুদারাঘাটে দুটি, মিলব্যারাক স্লুইসগেটে পাঁচটি, ফরিদাবাদ গোসাইবাড়ী স্লুইসগেটে দুটি, আরসিন গেট স্লুইসগেটে চারটি, পোস্তগোলা শ্মশানঘাট ও সেনানিবাসে দুটি, শ্যামপুর লঞ্চঘাট ও কদমতলীতে দুটি, ঢাকা ম্যাচ ফ্যাক্টরির কাছে একটি, পাগলায় পাঁচটি এবং ফতুল্লা সুপার সল্ট ও যমুনা গেটের কাছে তিনটি।
নতুন পয়োলাইন পুরান ঢাকায় কম: এদিকে বিদেশি অর্থায়নে ওয়াসা রাজধানীতে নতুন পয়োলাইন নির্মাণ করছে। তবে এর মধ্যে নদীসংলগ্ন পুরান ঢাকায় খুব কম লাইনই আছে। তার পরও যেটুকু আছে তা নদীদূষণ রোধে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবে এসব লাইন নির্মাণের কাজ শেষ হতে আরও অন্তত তিন বছর লাগবে বলে জানা গেছে।