১১৫টি বিদ্যালয়ের জন্য পরিদর্শক মাত্র একজন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১৫টি। এসব বিদ্যালয় পরিদর্শনের জন্য সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ছয়টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র একজন। খোঁজ নিয়ো জানা গেছে, উপজেলায় ৮৪টি সরকারি, ১৬টি কমিউনিটি ও ১৫টি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী রয়েছে ৩৪ হাজার ৬৬৭ জন। এসব বিদ্যালয় পরিদর্শনের জন্য ছয়টি সহকারি শিক্ষা কর্মকর্তার পদ আছে। কিন্তু দীর্ঘ দুই বছর ধরে কর্মরত আছেন মাত্র একজন। ১০ বছর আগে অবসর নেওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম বলেন, তারা যখন শিক্ষকতা করতেন শিক্ষা কর্মকর্তাদের নিয়ে আতঙ্কে থাকতেন। কারণ তারা যখন তখন বিদ্যালয়ে এসে বিভিন্ন অনিয়ম খুঁজে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। ফলে সবকিছু খুব নিয়মমাফিক চলত।নাম প্রকাশ না করার শর্তে সোনাপুর ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান, তার বিদ্যালয়ে শিক্ষকরা প্রায়দিনই এক থেকে দেড় ঘন্টা দেরি করে আসেন। এ নিয়ে তিনি শিক্ষকদের সঙ্গে অনেক বাকবিতন্ডা করলেও কাজের কাজ কিছুই হয়নি।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মোতালেব বলেন, বিদ্যালয়ের তুলনায় এমনিতেই পরিদর্শকের পদ অনেক কম। তার ওপর আবার নাই। বিদ্যালয়ে যত বেশি তদারকি হবে ততো বেশি সুফল বাড়বে। তদারকি থাকলে শিক্ষার মান বাড়ে। এজন্য এটার কোনো বিকল্প নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল আজম বলেন, একজন পরিদর্শকের পক্ষে ১১৫টি বিদ্যালয় মনিটরিং করা কোনোভাবেই সম্ভব নয়। ২০টি বিদ্যালয় মনিটরিংয়ের জন্য একজন এটিও থাকার নিয়ম রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক মুঠোফোনে জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।