১১৫৫ বোতল বলবর্ধক পানীয় জব্দ, জরিমানা
নাটোরের গুরুদাসপুরে এক হাজার ১৫৫ বোতল বলবর্ধক পানীয়সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পানীয়র বোতল পুড়িয়ে নষ্ট করা হয়। পাশাপাশি এসব পানীয় বিক্রি ও বহনের দায়ে শফিক (৩৮) নামের একজনকে চার হাজার ও কলিম (৩৫) নামের অপর একজনকে এক হাজার টাকা জরিমানা করেন আদালত। তাঁরা জরিমানার টাকা দিয়ে রক্ষা পান।১৮ আগস্ট বিকেলে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজেদা ইয়াসমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট প্রথম আলোয় ‘ঈদ সামনে রেখে বাজারে কথিত শক্তিবর্ধক পানীয়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনে তোড়জোড় শুরু হয়। পুলিশ ব্যাপক অনুসন্ধান ও বনপাড়া-হাটিকুমরুল সড়কে তৎপরতা চালায়। দুপুর সোয়া ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক হাজার ১৫৫ বোতল বলবর্ধক পানীয় জব্দ করে পুলিশ।গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিভিন্ন দোকানে বিক্রির উদ্দেশ্যে পানীয়গুলো বহন করছিলেন। নাটোরে তৈরি ‘মন পাওয়ার আপ’ নামের জোড়া জেব্রা ব্র্যান্ডের উৎপাদিত ওই পানীয়র গায়ে বিএসটিআইয়ের কোনো সিল ছিল না।