১১৬ অনুচ্ছেদ সরানোর আহ্বান প্রধান বিচারপতির
অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদসহ দুটি বিধান সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে অতি তাড়াতাড়ি তা সরাতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ আহ্বান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি ওই অনুষ্ঠানের আয়োজন করে।
বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ উল্লেখ করে বিচার বিভাগ পৃথক্করণের নয় বছর পূর্তি উপলক্ষে গত ৩১ অক্টোবর এক বাণীতে প্রধান বিচারপতি বলেছিলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে সময়মতো বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। উল্লেখিত প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন হওয়া সময়ের দাবি।
গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘সংবিধানের ১১৬ ও ১১৬(এ) সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। এ দুটো বিধান যে সংবিধানের পরিপন্থী, এটি আমাদের এই পবিত্র বই (সংবিধান) থেকে অতি তাড়াতাড়ি সরে যাওয়ার জন্য এখানে উপস্থিত সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রতি আহ্বান জানাব। এটি থাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে বেশ ব্যাঘাত হচ্ছে।’
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘প্রশাসন বেশ কয়েকবার ডিরেইলমেন্ট (লাইনচ্যুত) হয়েছে, পার্লামেন্ট ডিরেইলমেন্ট হয়েছে।...বিচার বিভাগ, বিশেষ করে সুপ্রিম কোর্ট, আজ পর্যন্ত এই ৪৪ বছরে চুল পরিমাণ ডিরেইলমেন্ট হয়নি।’