১১৬ উপজেলায় বৃহস্পতিবার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন পর বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট গ্রহণ হবে। নির্বাচনী আইন অনুযায়ী আজ মঙ্গলবার রাত ১২টা থেকে এসব উপজেলায় প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হচ্ছে। এসব উপজেলায় সেনা মোতায়েন হচ্ছে আজ।
নির্বাচন কমিশন গত ২৩ জানুয়ারি দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কাজের সুবিধার্থে এর মধ্যে কক্সবাজারের মহেশখালীতে ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ ভোট গ্রহণের দিন পুনর্নির্ধারণ করে।
এই ১১৬ উপজেলায় চেয়ারম্যান পদে ৫০৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫১১ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।
১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৯৭টি উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা ৪৩টিতে বিজয়ী হয়েছেন। সরকারি দল আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা জিতেছেন ৩৪টি উপজেলায়।
প্রথম ধাপের নির্বাচনে বেশ কিছু উপজেলার প্রার্থীরা কেন্দ্রের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ করলেও কমিশন তা আমলে নেয়নি। কমিশন ওই দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার ওপর ছেড়ে দেয়। অভিযোগকারীদের উল্লেখিত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের দিন কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গতকাল সোমবার নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘প্রথম ধাপের নির্বাচনে আমাদের কিছু ভুলত্রুটি ছিল। এ (দ্বিতীয়) ধাপের নির্বাচনে সেসব ভুলত্রুটি কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। সে জন্য রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আজ থেকে মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হবে। প্রতিটি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে এক প্লাটুন সেনাসদস্য টহল দেবেন। শনিবার পর্যন্ত তাঁরা মাঠে অবস্থান করবেন। এ ছাড়া নিয়মিত বাহিনী হিসেবে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, আজ মধ্যরাত থেকে এসব উপজেলায় সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
৯২ উপজেলায় চেয়ারম্যান পদে ৫৬৫ জন: চতুর্থ ধাপের ৯২ উপজেলা নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ৫৬৫, ভাইস চেয়ারম্যান পদে ৬১০ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে সর্বাধিক ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়িতে। গত রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ এবং ভোট গ্রহণ হবে ২৩ মার্চ।
কমিশন সচিবালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।
২১ উপজেলায় নির্বাচন হচ্ছে না: কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, সীমানা ও আইনি জটিলতার কারণে ২১টি উপজেলায় আপাতত নির্বাচন হচ্ছে না। এগুলো হলো রংপুরের সদর, গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া; কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ; নারায়ণগঞ্জ সদর ও বন্দর; মাদারীপুর সদর; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর; সিরাজগঞ্জের কামারখন্দ; বরিশালের মেহেন্দীগঞ্জ; নেত্রকোনার আটপাড়া; শেরপুরের নকলা; কুমিল্লার দাউদকান্দি; বরগুনার তালতলী; পটুয়াখালীর রাঙ্গাবালী; ময়মনসিংহের তারাকান্দা; রাজবাড়ীর কালুখালী ও নাটোরের নলডাঙ্গা।