১১৬ কাউন্সিলরের ৭৫ জন ১৮ দলের
চার সিটি করপোরেশন নির্বাচনে কেবল মেয়র পদেই নয়, বেশির ভাগ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। গত শনিবার এ চার সিটি করপোরেশনে নির্বাচন সম্পন্ন হয়।
সাধারণ কাউন্সিলর পদে এ জোট ১১৬ পদের মধ্যে ৭৫টিতে জয়লাভ করেছে। আওয়ামী লীগসহ ১৪-দলীয় জোট-সমর্থিত প্রার্থীরা জিতেছেন ৩১টিতে। আর স্বতন্ত্র হিসেবে পরিচিত প্রার্থীরা জয়লাভ করেন ১০টি পদে।
সাধারণ নারী কাউন্সিলর পদে ১৮ দল-সমর্থিতরা ১৮টি ও ১৪ দল-সমর্থিতরা ১৪টি ও স্বতন্ত্রে রয়েছে সাতটি পদ।
রাজশাহী সিটি করপোরেশনে সাধারণ কাউন্সিলর পদে বিএনপির ১৮, আওয়ামী লীগের ছয় ও স্বতন্ত্র হিসেবে চার ও জামায়াতের একজন জয়লাভ করেন। ৮ নম্বর ওয়ার্ডে একটি বুথের ইভিএম মেশিনে ত্রুটি থাকায় সেখানকার ফলাফল স্থগিত রাখা হয়েছে। আর নারী কাউন্সিলরে বিএনপির চার, আওয়ামী লীগের তিন, জামায়াতের দুই ও স্বতন্ত্র একজন বিজয়ী হন।
খুলনায় সাধারণ কাউন্সিলরে বিএনপির ১৮, আওয়ামী লীগের আট, স্বতন্ত্র চার ও জামায়াতের একজন জয় পেয়েছেন। নারী কাউন্সিলর পদে রয়েছেন বিএনপির চার, আওয়ামী লীগের দুই, স্বতন্ত্র চার ও জামায়াতের দুজন।
বরিশালে সাধারণ কাউন্সিলর পদে বিএনপির ২০, আওয়ামী লীগের আট, জাপা ও জামায়াতের একজন করে জয় পেছেন। নারী কাউন্সিলরে রয়েছেন বিএনপির চার, আওয়ামী লীগের পাঁচ ও স্বতন্ত্রে একজন।
সিলেটে সাধারণ কাউন্সিলরে বিএনপির ১৩, আওয়ামী লীগের আট, জামায়াতের তিন ও স্বতন্ত্র হিসেবে দুজন জয় পেয়েছেন। একটি নির্বাচন স্থগিত রয়েছে। নারী কাউন্সিলর পদে বিএনপির চার, আওয়ামী লীগের চার ও স্বতন্ত্র হিসেবে একজন জয়লাভ করেছেন।:n: