১১৬ বছর ধরে অরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো লৌহদণ্ড বা রক্ষী না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে আছে ময়মনসিংহ শহরের কলেজ রোড রেলক্রসিংটি। এ স্থানটিতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা l প্রথম আলো
কোনো লৌহদণ্ড বা রক্ষী না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে আছে ময়মনসিংহ শহরের কলেজ রোড রেলক্রসিংটি। এ স্থানটিতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা l প্রথম আলো

ময়মনসিংহ শহরের কলেজ রোড রেলক্রসিংয়ে কোনো রক্ষী নেই। ট্রেন যাওয়া-আসার সময় রাস্তার দুই পাশ আটকে দেওয়ার জন্য নেই কোনো প্রতিবন্ধকও। এভাবে প্রায় ১১৬ বছর ধরে চলে এলেও সেখানে রক্ষী নিয়োগ বা প্রতিবন্ধক লাগানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, ১৮৯৮-৯৯ সালে ময়মনসিংহ-জগন্নাথগঞ্জ (সিরাজগঞ্জ) রেলপথে ট্রেন চলাচলের শুরু থেকেই এভাবে অরক্ষিত আছে রেলক্রসিংটি। যে কারণে সেখানে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। সর্বশেষ গত ডিসেম্বরে এই ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তাতে আহত হন তিনজন।
এই রেলক্রসিং থেকে আনুমানিক ৫০ মিটার দূরে সরকারি আনন্দ মোহন কলেজ। ক্রসিংটির জন্যই এলাকাটির নাম পেয়েছে ‘কলেজ রোড রেলক্রসিং’। লেভেল ক্রসিংসংলগ্ন একাডেমি রোড, জামতলা মোড়, সেনবাড়ি এলাকা, সানকিপাড়া শেষ মোড় ও গোইলকান্দিতে রয়েছে অসংখ্য মেস। সেসব মেসে সরকারি আনন্দ মোহন কলেজ ছাড়াও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ও মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের হাজার হাজার শিক্ষার্থী থাকে। এ ছাড়া আনন্দ মোহন ও মুমিনুন্নিসা কলেজের শিক্ষকেরাও এসব এলাকায় বসবাস করেন। বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দিনে ও রাতে ঢাকা-জামালপুর ও ময়মনসিংহ-জামালপুর পথে চলাচলকারী ট্রেনগুলো কমপক্ষে ৩০ বার কলেজ রোড রেলক্রসিং পার হয়। দিন দিন এই এলাকায় মানুষের বসতি বাড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ক্রসিংটি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় সারা দিন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীদের ভিড় লেগে থাকে। লেভেল ক্রসিং ঘেঁষে দীর্ঘদিন চা বিক্রি করতেন ফারুক মিয়া। তিনি নিজ দায়িত্বে ট্রেন আসার সময় লক্ষ রাখতেন এবং ট্রেন কাছাকাছি চলে এলে বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সতর্ক করে দিতেন। দুই বছর আগে ফারুক মিয়া মারা যান। এখন ওই দোকানটি ভাড়া নিয়ে চা বিক্রি করছেন মো. হাফিজ। তিনিও নিজ দায়িত্বে খালি গলায় চিৎকার করে ট্রেন আসার সময় মানুষকে সতর্ক করে যাচ্ছেন। হাফিজ বলেন, ‘নিজের দায়িত্বেই সতর্ক করি। এ জন্য কেউ বেতন দেয় না।’
স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন জানান, গত ডিসেম্বরে এই ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস ছিটকে গিয়ে তিনজন আহত হন। গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছিল।
রেলওয়ের প্রকৌশল বিভাগের ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সিরাজ জিন্নাত প্রথম আলোকে বলেন, ‘এটি স্বীকৃত লেভেল ক্রসিংও। একটি প্রকল্পের মাধ্যমে এখানে রেলগেট তৈরি করে রক্ষী নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’