রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বছর ধরে প্রধান শিক্ষক নেই। শত বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটি এখন চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অগ্রদূত চক্রবর্তী বললেন, ২০১৪ সালের জানুয়ারি মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ পেয়ে চলে যান। প্রধান শিক্ষক না থাকায় দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর পাঠদানে কমপক্ষে ১০ জন শিক্ষক প্রয়োজন। সেখানে শিক্ষকের পদই আছে আটটি। দেড় মাস ধরে মাতৃকালীন ছুটিতে আছেন এক শিক্ষক। সব মিলিয়ে ১৯০৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম এখন বেসামাল অবস্থা।
পুরো রাজবাড়ীতে এখন প্রাথমিক শিক্ষায় কমবেশি এমন বেহাল দশা। জেলার মোট ৪৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৭টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকের অনেক পদও শূন্য।
জানতে চাইলে জেলার প্রবীণ শিক্ষক রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, শিক্ষাব্যবস্থার ভিত্তিমূল হলো প্রাথমিক বিদ্যালয়। এখান থেকেই শিশুদের পড়াশোনার ভিত্তিটা তৈরি হয়। শিক্ষক-সংকটের কারণে সেই গোড়ায় গলদ হলে তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। তাই শিক্ষাব্যবস্থার পরিবেশ স্বাভাবিক করতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করা উচিত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাঁচ উপজেলায় মোট ৪৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৬৩টি প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালের ১ জানুয়ারির আগে সরকারীকরণ হয়। বাকি বিদ্যালয়গুলো ওই তারিখের পরে সরকারি হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে রাজবাড়ী সদরে ১৩৫টির মধ্যে ২৮টি, পাংশায় ১২১টির মধ্যে ৩৭টি, বালিয়াকান্দিতে ৯৮টির মধ্যে ২১টি, কালুখালীতে ৭৬টির মধ্যে ১৮টি ও গোয়ালন্দে ৫১টির মধ্যে ১৩টিতে এখন প্রধান শিক্ষক নেই।
পাংশা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ কে এম শরিফুল হুদা বলেন, এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন। তবে সমস্যাটা হলো, তিনিও সহকারী শিক্ষক পদমর্যাদার। ফলে বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকেরা তাঁর আদেশ মানতে চান না। এখানেই মূল সমস্যাটা বাধে।
এদিকে জেলার বেশির ভাগ প্রতিষ্ঠানেই সহকারী শিক্ষকের এক বা একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ কারণে বিদ্যালয়গুলোতে ঠিকমতো ক্লাস হচ্ছে না।
এমন প্রতিষ্ঠানগুলোর একটি কালুখালী উপজেলার কাউয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মাজেদ বলেন, বিদ্যালয়টিতে মোট সাতটি পদের বিপরীতে কর্মরত আছেন তিনজন শিক্ষক। তিনি প্রেষণে প্রায় দুই বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। প্রেষণে অন্য বিদ্যালয়ে কর্মরত রয়েছেন একজন। আরেকজন গত জানুয়ারিতে দেড় বছরের জন্য প্রশিক্ষণে গেছেন। সব মিলিয়ে শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়ে পড়ালেখার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
সার্বিক বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ার পর এ পদে নিয়োগের বিষয়টি এখন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) হাতে। শূন্য পদে নিয়োগের জন্য আমরা প্রয়োজনীয় তথ্যাবলি ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য কার্যক্রম চলছে। তবে কবে নাগাদ সমস্যাটির সমাধান হবে, তা এখন বলা সম্ভব হচ্ছে না।’