১১৯ ইটভাটায় প্রতিদিন পোড়ে ৪৭ হাজার মণ কাঠ
মেহেরপুরে ১১৯ ইটভাটার মধ্যে ১১৬টিই অবৈধ। এর মধ্যে ৫৪টিতে নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করা হচ্ছে। ড্রাম চিমনির সব ভাটা গত ১২ ডিসেম্বরের মধ্যে বন্ধে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু তা এখনো কার্যকর হয়নি।ড্রাম চিমনির ইটভাটার মালিকেরা অভিযোগ করেন, ভাটার কার্যক্রম চালাতে প্রশাসনকে উৎকোচ দিতে হচ্ছে। তবে জেলা প্রশাসন এমন অভিযোগ অস্বীকার করেছে।এদিকে জেলার সব ভাটায় কয়লার বদলে কাঠ পোড়ানো হয় বলে জানা গেছে। ভাটা মালিকেরা বলছেন, একটি ইটভাটায় প্রতিদিন গড়ে ৪০০ মণ কাঠ লাগে। সে হিসাবে জেলায় প্রতিদিন সাড়ে ৪৭ হাজার মণ কাঠ পোড়ানো হয়।জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইফতেখার হোসেন প্রথম আলোকে জানান, জেলার প্রায় ৬০ ভাগ ইটভাটা ফসলি জমির মধ্যে গড়ে উঠেছে। ভাটার কারণে প্রতিবছর প্রায় এক হাজার ২০০ বিঘা ফসলি জমি অনাবাদি থাকছে। এসব ভাটায় প্রতিদিন সাড়ে ৪৭ হাজার মণ কাঠ পুড়ছে।সরেজমিনে দেখা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা-মনাডাঙ্গা মাঠে সাতটি, মেহেরপুর-বুড়িপোতা এলাকায় নয়টি, মেহেরপুর-মুজিবনগর সড়কে নয়টি ইটভাটা রয়েছে। সব কটি ভাটাই ফসলি জমির ওপর গড়ে তোলা হয়েছে। একই অবস্থা দেখা গেল মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অবস্থিত ভাটাগুলোরও। বিস্তীর্ণ জমির মধ্যে তৈরি এসব ভাটার পাশেই মাটি কেটে ছোট-বড় অসংখ্য গর্ত করা হয়েছে। সেই মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট। ফলে কমছে আবাদি জমি, ভাটার উত্তাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের এসএইচডি ভাটার মালিক হাফিজুল ইসলাম জানান, পাকা চিমনির ভাটা করতে বহু খরচ। তাই উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ড্রাম চিমনি দিয়ে ভাটা চালাচ্ছেন। এ জন্য প্রশাসনসহ অনেককেই ঘুষ দিতে হয়। একটি ভাটায় প্রতিদিন গড়ে ৪০০ মণ কাঠ পোড়ানো হয় বলে জানান তিনি।উপজেলার কসবা গ্রামের হীরা ব্রিকসের মলিক আতিয়ার রহমান জানান, ফসলি জমি ছাড়া ভাটা করার জায়গা নেই। ড্রাম চিমনির ভাটা চালাতে জেলা প্রশাসনসহ অনেককে উৎকোচ দিতে হয়।মেহেরপুরের ফিক্সড চিমনি ভাটামালিক সমিতির সভাপতি গোলাম রসুল জানান, হাইকোর্টের যৌথ বেঞ্চ গত ৫ ডিসেম্বর এক আদেশে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনা জেলার সব ড্রাম চিমনির ইটভাটা ১২ ডিসেম্বরের মধ্যে বন্ধের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। উচ্চ আদালতের এই আদেশ উপেক্ষা করে অবৈধভাবে ড্রাম চিমনির ভাটা চলছে। তাঁর অভিযোগ, জেলা প্রশাসনকে এ জন্য বছরে আট লাখ টাকা ঘুষ দিতে হয়। তাই প্রশাসন অবৈধ ভাটা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি। মেহেরপুর ব্যারেল (ড্রাম) চিমনি ভাটামালিক সমিতির সভাপতি জয়নাল উদ্দিন দাবি করেন, জেলা প্রশাসন তাঁদের অলিখিত অনুমতি দিয়েছে। এ জন্য প্রশাসনকে উৎকোচ দিতে হয়। উৎকোচ গ্রহণের অভিযোগ অস্বীকার করে মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু বলেন, ‘শুনেছি, মাত্র তিনটি ভাটার বৈধ কাগজপত্র আছে। তা ছাড়া সবই অবৈধ। ভ্রাম্যমাণ আদালত অবৈধ ভাটায় অভিযান চালিয়ে লাখ লাখ টাকা জরিমানা করেছে। অনেক ভাটা ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু রাতের আঁধারে তা আবার চালুও হয়ে যাচ্ছে।’ অবৈধ ভাটা বন্ধে প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন তিনি।পরিবেশ অধিদপ্তর, খুলনার পরিদর্শক আজাহারুল ইসলাম জানান, মেহেরপুরে ফসলি জমিতে ইটভাটাগুলো গড়ে তোলা হয়েছে। এর মধ্যে অধিকাংশ অবৈধ। কিন্তু জনবল, নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় অবৈধ ভাটা বন্ধ করা যাচ্ছে না।