১১৯০ কৃষককে দেওয়া হলো প্রণোদনার বীজ সার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার ১ হাজার ১৯০ জন প্রান্তিক কৃষকের মধ্যে খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে।
উফশী ও নেরিকা জাতের আউশ ধান ও মিষ্টিকুমড়ার আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস চাষিদের হাতে এসব তুলে দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর। বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হজরত ও কহিনুর বেগম, শংকরচন্দ্র ইউপির চেয়ারম্যান আবদুর রহমান, পদ্মবিলা ইউপির চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস ও কৃষক প্রতিনিধি মো. ইউনুস আলী।
প্রণোদনা হিসেবে এ সময় উফশী জাতের আউশ আবাদের জন্য ১ হাজার ১০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচ খরচ বাবদ ৪০০ টাকা দেওয়া হয়। নেরিকা জাতের আউশ ধান আবাদের জন্য ৫০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং আগাছা দমন বাবদ ৪০০ ও সেচ খরচ বাবদ ৪০০ টাকা এবং ৪০ জন কুমড়াচাষির প্রত্যেককে ১৮টি সেক্স ফেরোমন ফাঁদ ও ৩৬টি করে লিউর দেওয়া হয়।