১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-ইলিশ সংরক্ষণের লক্ষ্যে প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত প্রায় সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ ২৭ জেলায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত এবং বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে।

আজ রোববার সচিবালয়ে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান’-সংক্রান্ত এক সভায় সাংবাদিকদের কাছে এসব তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

সভায় বলা হয়, ইলিশের প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত এলাকার সীমানা হচ্ছে মীরসরাই উপজেলার শাহের খালী থেকে হাইতকান্দী পয়েন্ট, তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট; কলাপাড়া উপজেলার লতা চাপালি পয়েন্ট ও কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডারমারা পয়েন্ট। আর ২৭টি জেলা হচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী জেলা। এসব জেলার সব নদ-নদী ছাড়াও দেশের সমুদ্র উপকূল ও মোহনায় এই ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।

এসব কার্যক্রম বাস্তবায়নে সারা দেশের মাছঘাট, মৎস্য আড়ত, হাটবাজার ও চেইনশপে ব্যাপক অভিযান চালানো হবে বলে আজকের সভায় জানানো হয়। এ জন্য মন্ত্রণালয়সহ মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সংশ্লিষ্ট জেলা-উপজেলা প্রশাসন একযোগে কাজ করবে। গণমাধ্যমেও প্রচার, মাইকিং, জেলা-উপজেলা পর্যায়ে গণ-উদ্বুদ্ধকরণ সভা-সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হবে। রেলওয়ে, ট্রলার, লঞ্চ ও ট্রাক মালিক সমিতি ও মৎস্যজীবী সমিতির সহায়তাও নেওয়া হবে।