শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফটকে এসে থামল সিএনজিচালিত অটোরিকশাটি। সেখানে অপেক্ষমাণ এক ব্যক্তি চালকের কাছে জানতে চাইলেন, তিনি এলেনবাড়ী যাবেন কি না। চালকের সংক্ষিপ্ত জবাব, ‘চিনি না।’ যাত্রী তাঁকে জানালেন, এলেনবাড়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। ঢাকা মেট্রো-থ-১৩-০১৩১ নম্বরের অটোরিকশার চালক এবার সোজাসুজিই বললেন, ‘যাব না।’অটোরিকশার চালক ও যাত্রীর এই কথোপকথন রাজধানীতে নতুন নয়। নিয়ম-কানুনের তোয়াক্কা না করে প্রায় সব চালক নিজের ইচ্ছেমতো গন্তব্যে যান। অসহায় যাত্রীর নস্ফিল ক্রোধে হা-হুতাশ করা ছাড়া কিছু করার থাকে না। কিন্তু আলোচ্য ঘটনাটি পরিবহন কর্তৃপক্ষের পাতা ফাঁদ বলে ওই বেয়াড়া চালকের কপালে জুটেছে পাঁচ দিনের কারাদণ্ড। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা গতকাল রোববার যাত্রী সেজে এ রকম বেশ কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে কথা বলেন। আদালত শাহবাগে মানিক হাওলাদারসহ আটজন চালককে পাঁচ দিন করে কারাদণ্ড দেন। জরিমানা আদায় করেন ছয় হাজার টাকা। দণ্ডিত প্রত্যেক চালকই হয় মিটার উপেক্ষা করে চুক্তিতে যাত্রী বহন করছিলেন, নয়তো গন্তব্যে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, অটোরিকশা দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হলে অনেক সময় ঝামেলা এড়ানোর জন্য যাত্রীরাও মিথ্যা কথা বলেন। চুক্তিতে চড়লেও বলেন মিটারে এসেছেন। তাই এখন কৌশলী ভূমিকা নিয়েছেন আদালত। এটা অব্যাহত থাকবে বলে তিনি জানান। গতকাল বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীতে চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালত ১২ জন অটোরিকশার চালককে বিভিন্ন মেয়াদে সাজা দেন এবং ২৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া তিনটি অটোরিকশা জব্দও করা হয়। আদালতের সামনেই সিরাজ নামে এক ব্যক্তি শাহবাগ থেকে মহাখালী যেতে চাইলে ঢাকা মেট্রো থ-১২-৭৫৮০ নম্বরের অটোরিকশার চালক ৮০ টাকা দাবি করেন। অথচ বিআরটিএর হিসাব অনুযায়ী শাহবাগ থেকে মহাখালীর দূরত্ব ৩ দশমিক ৮ কিলোমিটার। মিটার অনুযায়ী এই পথের ভাড়া ৩৭ টাকা। যানজট, সিগন্যাল ইত্যাদি বিরতির জন্য বাড়তি ১০ টাকা হতে পারে। আদালত ওই অটোরিকশার চালক আবদুল কুদ্দুসকেও পাঁচ দিনের কারাদণ্ড দেন। ইমরুল হাসান নামে এক যাত্রী আদালতকে জানান, তিনি একজন রোগী নিয়ে রামপুরায় যাওয়ার জন্য তিন-চারটি অটোরিকশার চালককে বলেছেন। কেউ রাজি হননি।