১২ আসামির জামিন বাতিলের আবেদনের শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় ১২ আসামির জামিন বাতিল বিষয়ে কাল বুধবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আদালত এই দিন ধার্য করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) এ বি এম সিদ্দিকুর রহমান গত ১৫ সেপ্টেম্বর ১২ আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন। গতকাল এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে আদালতের হাকিম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত মহানগর হাকিম আনোয়ার ছাদাত এই তারিখ ধার্য করেন।
যাঁদের জামিন বাতিলের আবেদন করা হয়েছে, তাঁরা হলেন তুহিনুর রহমান ওরফে ফাহিম, সৈয়দ মুস্তফা ওরফে রুমি, রাশেদ মাহমুদ, সাইদুল ইসলাম ওরফে নুরুজ্জামান, সুজন হাওলাদার, জাহাঙ্গীর মণ্ডল, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, চুন্নু মিয়া, সোহেল মাহমুদ, মাহবুবুল হক ও শরীফ উদ্দিন চৌধুরী।
আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তুহিনুর, সৈয়দ মুস্তফা, রাশেদ মাহমুদ, সাইদুল ইসলাম ও সুজন হাওলাদারের জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া আসামিরা জামিনে থাকায় তদন্তে বাধা সৃষ্টি ও সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
গত বছরের ২৯ জুলাই রাতে রাজধানীর গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। ওই বিপণিবিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে মিল্কির একসময়ের সহযোগী যুবলীগের আরেক নেতা জাহিদ সিদ্দিকী তারেকসহ ভাড়াটে খুনিরা তাঁকে হত্যা করে বলে নিশ্চিত হন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান গুলশান থানায় মামলা করেন।
ঘটনার পরদিনই মামলার এজাহারভুক্ত ১১ আসামির মধ্যে মূল হত্যাকারী বলে চিহ্নিত জাহিদ সিদ্দিকী তারেকসহ সাতজনকে আটক করে পুলিশ। ফরচুন হাসপাতাল থেকে গুলশান থানায় নেওয়ার পথে তারেকের সহযোগীরা র্যাবের গাড়িতে হামলা চালিয়ে তারেককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। উভয় পক্ষের গুলিবিনিময়কালে তারেক ও তাঁর সহযোগী শাহ আলম নিহত হন।