পঞ্চম ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ছয় প্রার্থী জয় পেয়েছেন। অন্য ছয় ইউপিতে আওয়ামী লীগের পাঁচ ‘বিদ্রোহী’ ও বিএনপির এক বিদ্রোহী জয় পান।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, দলীয় প্রার্থী বাছাই যে পুরোপুরি সঠিক হয়নি, নির্বাচনে জয়ী হয়ে বিদ্রোহী প্রার্থীরা তা প্রমাণ করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ঘোষিত ফলাফল ঘেঁটে দেখা যায়, ১২টি ইউপির মধ্যে আওয়ামী লীগ ছয়টি, আওয়ামী লীগের বিদ্রোহীরা পাঁচটি ও বিএনপির এক বিদ্রোহী প্রার্থী জয়ী হন। ছয়টি ইউপিতে জয় পাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে তিন ইউপিতে বিদ্রোহী প্রার্থীর সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
পাথৈর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান ৩ হাজার ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী আলী আক্কাছ মোল্লা পেয়েছেন ২ হাজার ৪৪০ ভোট। সহদেবপুর পূর্ব ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন ২ হাজার ৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দলের অপর বিদ্রোহী প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট। সহদেবপুর পশ্চিম ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুছ সামাদ আজাদ ৪ হাজার ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দলের অপর বিদ্রোহী প্রার্থী মামুনুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৩৮ ভোট।
কচুয়া উত্তর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম জাহাঙ্গীর ৭ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বাছেদুজ্জামান সরকার পেয়েছেন ৪ হাজার ৯৮৬ ভোট। গোহট দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহরিয়ার শাহিন ৭ হাজার ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮৩ ভোট। আশ্রাফপুর ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদ এলাহী সুভাষ ৮ হাজার ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. শহীদ উল্যাহ পেয়েছেন ৫ হাজার ৪২৫ ভোট।
আওয়ামী লীগের নির্বাচিত প্রার্থীরা হলেন সাচার ইউপির ওসমান গনি মোল্লা, বিতারার ইসহাক সিদকার, কচুয়া দক্ষিণ ইউপির জসিম উদ্দিন লিটন, কড়ইয়া ইউপির আহসান হাবিব জুয়েল, কাধলা ইউপির রফিকুল ইসলাম লালু ও গোহট উত্তর ইউপির হাজি আবদুল হাই।