১২ উপজেলায় কাল ভোট
ষষ্ঠ ও শেষ ধাপে দেশের ১২টি উপজেলায় কাল সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে৷
১২টি উপজেলা হলো: রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা; সিরাজগঞ্জের কামারখন্দ; বরগুনার তালতলী; রাজবাড়ীর কালুখালী; গাজীপুর সদর; টাঙ্গাইলের বাসাইল; ব্রাহ্মণবািড়য়ার বিজয়নগর এবং কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ। এসব উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন।
নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল ১৪টি উপজেলায় ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করে। এর মধ্যে আইনি জটিলতার কথা বলে কমিশন পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাচন স্থগিত করেছে। এ দুটি উপজেলার নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টে রিট হলেও উচ্চ আদালত নির্বাচন স্থগিতের কোনো নির্দেশ দেননি।
এর আগে সারা দেশের ৪৮৭টি উপজেলার মধ্যে পাঁচ ধাপে ৪৫৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দুটি ধাপের নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হলেও শেষ তিন ধাপের নির্বাচনে ব্যাপক সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনা ঘটে।