১২ উপজেলায় নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে আজ সোমবার ১২টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এ ১২টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন৷ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন এবার আশা করছে, ভোট গ্রহণ সুষ্ঠু হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘শেষ ধাপের নির্বাচন সুষ্ঠু করতে কমিশন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের আশ্বস্ত করতে চাই, নির্বাচন সুষ্ঠু হবে।’ তিনি জানান, আজ ১২টি উপজেলা পরিষদের নির্বাচন এবং একটি উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। এতে ৭৪৬টি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। এবার প্রতিটি কেন্দ্রে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে ভারপ্রাপ্ত সচিব বলেন, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রতিবেদন অনুযায়ী সেখানে নির্বাচনী পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল শেষ ধাপে ১৪টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।
আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে রংপুরের সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা; সিরাজগঞ্জের কামারখন্দ; বরগুনার তালতলী; রাজবাড়ীর কালুখালী; গাজীপুরের সদর; টাঙ্গাইলের বাসাইল; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়। উপনির্বাচন হবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়।
শেষ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ জন, ভাইস চেয়ারম্যন পদে ৬৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মোট ভোটার ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন।