সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন কর্মীকে একসঙ্গে বদলি করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের বদলি করা হয়। বদলি হওয়া কর্মীরা হলেন সিনিয়র নার্স সুজাতা রানী দাশ, অফিস সহকারী মুহিবুর রহমান, স্বাস্থ্য সহকারী শফিক আহমদ ও আরছ আলী, এক্স-রে টেকনিশিয়ান ফরহাদ আহমদ, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) সেলিম মোল্লা, মেডিকেল টেকনোলজিস্ট (প্যাথলজি) আয়শা খাতুন, নৈশপ্রহরী আবদুর রাজ্জাক ও আয়া সাহেরা বেগম, ঝাড়ুদার সাহেনা বেগম, ছায়া বেগম ও সাগর খান। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়টির অগ্রগতি দেখতে মন্ত্রণালয় থেকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুঠোফোনে স্বাস্থ্যসেবার নম্বরে ১৮ বার ফোন করেও কাউকে পাওয়া যায়নি। এরপর তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দলকে বিশ্বনাথে পাঠানো হয়। পরিদর্শক দলের সদস্যরা বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার বিষয়টি দেখতে পান। পরে ১২ জন কর্মীকে বদলির আদেশ দেওয়া হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন আজহার আলী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে ১২ জনকে নিজ নিজ দায়িত্বে পাওয়া যায়নি। তাই তাঁদের বদলি করা হয়েছে। তিনি বলেন, দায়িত্বে অবহেলাকারী চিকিৎসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।