>

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
জায়গায় জায়গায় পিচ, পাথর ও খোয়া উঠে গেছে। আবার কোথাও খোয়া উঠে মাটির রাস্তায় পরিণত হয়েছে। রাস্তার দুই পাশে ভেঙে দেবে গিয়ে রাস্তাটি সরু হয়ে গেছে। ভাঙাচোরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, পণ্যবোঝাই ট্রাক, ভটভটি, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে। বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর ১২ কিলোমিটার সড়কের এ অবস্থা। এই ১২ কিলোমিটার সড়ক পার হতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।
হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাট হয়ে দুপচাঁচিয়া পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কের মধ্যে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কটি ১২ কিলোমিটার দৈর্ঘ্যের। দুপচাঁচিয়া ও তালোড়া চালের মোকাম ও ইটভাটার জন্য পরিচিত। দুপচাঁচিয়া থেকে বগুড়া জেলা শহর ও নন্দীগ্রাম হয়ে নাটোর সহজে যাওয়া যায়। কিন্তু ১২ কিলোমিটারের বেহালের কারণে জয়পুরহাট থেকে ভারী যানবাহনকে দুপচাঁচিয়ায় আসতে বগুড়া হয়ে অতিরিক্ত ৫০ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে। এ সড়কে পণ্যবোঝাই ট্রাক মাঝেমধ্যে বিকল হয়ে পড়ে। ভোগান্তির শিকার হয় বাসের যাত্রীরা।
বগুড়া থেকে বাসে দুপচাঁচিয়া হয়ে এ সড়ক দিয়ে জিয়ানগরের মর্ত্তুজাপুর কলেজে প্রতিদিন যাতায়াত করেন কলেজশিক্ষক হাবিবুর রহমান। তিনি বলেন, বগুড়া থেকে দুপচাঁচিয়া ২০ কিলোমিটার আর দুপচাঁচিয়া থেকে মর্ত্তুজাপুর কলেজ ১০ কিলোমিটার। বিরতিহীন বাসে বগুড়া থেকে দুপচাঁচিয়ায় আসতে সময় লাগে ২৫ মিনিট। সেখান থেকে মর্ত্তুজাপুর পর্যন্ত ১০ কিলোমিটার যেতে আগে সময় লাগত ২০ মিনিট। কিন্তু রাস্তা বেহাল হওয়ায় এই ১০ কিলোমিটার পার হতে এখন এক ঘণ্টার বেশি সময় লাগে। এর ওপর ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়। গত বছর বাস উল্টে গেলে মাথায় আঘাত পেয়েছেন। লক্ষাধিক টাকা খরচ করে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কটি দক্ষিণে নন্দীগ্রাম উপজেলা থেকে দুপচাঁচিয়া হয়ে জয়পুরহাটের আক্কেলপুরের গোপিনাথপুর বাজার পর্যন্ত ৪৪ কিলোমিটার ৫০০ মিটার। গত বছর নন্দীগ্রাম থেকে দুপচাঁচিয়া সদর পর্যন্ত ২০ লাখ টাকার সংস্কারকাজ করা হয়েছে। আর দুপচাঁচিয়া থেকে আক্কেলপুরের গোপিনাথপুর পর্যন্ত পাঁচ বছর আগে সংস্কারকাজ করা হয়েছে। এর তিন বছরের মাথায় পিচ-খোয়া উঠে সড়কটি খানাখন্দে ভরে গেছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বেশির ভাগ অংশেই পিচ, পাথর ও খোয়া উঠে গেছে। দুপচাঁচিয়া থেকে গোপিনাথপুর বাজার পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে সিও অফিস বাসস্ট্যান্ড থেকে সরকারি খাদ্যগুদাম, কনকায় ও ইসলামপুর বাজার, ছাতনি বেড়াগ্রাম বাজার, জিয়ানগর বাজার, মর্ত্তুজাপুর ও গোপিনাথপুর বাজার এলাকায় সড়কের অবস্থা বেহাল। এবার বর্ষা মৌসুমে সড়ক ও জনপথ বিভাগ ইট দিয়ে সড়কের বড় বড় গর্ত ভরাট করে যাতায়াতের ব্যবস্থা করেছে।
জিয়ানগর বাজারে আক্কেলপুর-বগুড়া পথের বাসচালক সাইফুল ইসলাম বলেন, ভাঙাচোরা রাস্তায় বারবার ব্রেক কষে চলতে হয়। যাত্রীরা সিটে ঠিকমতো বসে থাকতে পারে না। জানালা লাগিয়ে ধুলা বন্ধ করা যায় না।
সড়ক ও জনপথ বিভাগ বগুড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নূর আহম্মেদ বলেন, গত বছর এ সড়কের তালোড়া-নন্দীগ্রাম পর্যন্ত ২০ লাখ টাকার সংস্কারকাজ করা হয়েছে। এবার বর্ষা মৌসুমে জনদুর্ভোগের কথা বিবেচনা করে সাময়িকভাবে সড়কের বড় বড় গর্তে ইট দিয়ে ভরাটের কাজ করা হয়েছে। নতুন করে ওই ১২ কিলোমিটার সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। টাকা বরাদ্দ এলেই দরপত্রের মাধ্যমে সংস্কারকাজ করা হবে।