১২ কিলোমিটারজুড়ে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া মাত্রাই-রাজাবিরাট সড়কের পাঠানপাড়া থেকে শহরগছি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে পিচ ও কার্পেটিং উঠে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বেহাল এই সড়কে ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন।ঝুঁকি বেড়ে যাওয়ায় যেকোনো সময় এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। সড়কটি বেহালের কারণে জয়পুরহাট ও গাইবান্ধা জেলার দেড় লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।বগুড়া সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থী খাদেমুল বাশার বলেন, ‘সড়কটি খুবই সরু। দুটি বাস মুখোমুখি হলে চলাচলে সমস্যা হয়।’সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, জয়পুরহাট-গোবিন্দগঞ্জ ভায়া মাত্রাই সড়কের দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার। এর মধ্যে ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজার থেকে শহরগছি পর্যন্ত সড়কটির ১২ কিলোমিটার অংশের অবস্থা অত্যন্ত খারাপ। সড়কটির হিচমি মোড় থেকে কালাই উপজেলার ছত্রগ্রাম পর্যন্ত অংশ দেখভালের দায়িত্ব জয়পুরহাট সওজ বিভাগের। অবশিষ্ট অংশ দেখভালের দায়িত্ব গাইবান্ধা সওজের।সওজ জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সড়কের প্রায় ২০ কিলোমিটার অংশ তদারক করা হয় জয়পুরহাট কার্যালয় থেকে। সড়কটির খারাপ অংশ মেরামতের জন্য গত অর্থবছর দরপত্র আহ্বান করা হয়। বগুড়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের দায়িত্ব নিয়েও শেষ পর্যন্ত করেনি। ফলে কার্যাদেশ বাতিল করা হয়। নির্ধারিত অর্থবছরে কাজ না করায় দাতা সংস্থাও বরাদ্দ বাতিল করেছে। সড়কটি সংস্কারে নতুন করে দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন আছে।’সরেজমিনে দেখা গেছে, সড়কটির পাঠানপাড়া বাজার থেকে কালাইয়ের নওটিকা মোড় হয়ে মাত্রাইবাজার এবং মাত্রাইবাজার থেকে গোবিন্দগঞ্জের শহরগছি চৌরাস্তা পর্যন্ত অংশের দশা খুবই নাজুক। খানিক দূর পরপরই সড়কের কার্পেটিং উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। মাত্রাইবাজার থেকে রাজাবিরাট পর্যন্ত অংশে অসংখ্য খানাখন্দ দেখা গেছে। অধিকাংশ স্থানে ইট-খোয়া-বালু উঠে নিচের মাটি বেরিয়ে এসেছে। মাত্রাই কারিগরি কলেজসংলগ্ন পুকুরপাড় থেকে বানদীঘি ও ছত্রগ্রাম অংশে বড় বড় গর্তে ইট ও খোয়া ঢেলে দেওয়া হয়েছে। বাসমালিকদের উদ্যোগে কাজটি করা হয়েছে।সওজ সূত্রে জানা যায়, ২০০৬ সালে সড়কটি সংস্কারে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করা হয়। এক বছর পর সড়কের অবস্থা আরও বেহাল হয়ে যায়। ২০০৮ সালে সড়ক সংস্কারে আবারও প্রায় একই অঙ্কের টাকা খরচ করা হয়। কাজ শেষ হওয়ার অল্প দিনের মাথায় আবারও যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে।জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘জয়পুরহাট-গোবিন্দগঞ্জ পথে প্রতিদিন কয়েক হাজার যাত্রী বাসে যাতায়াত করেন। শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে এই পথে বাস চালাচ্ছেন। সড়কটির বেহাল দশার কারণে যেকোনো সময় বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে।’জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বলেন, ‘বাসমালিকদের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ গর্ত ও খানাখন্দে প্রায়ই ইট-বালু ফেলা হয়। তার পরও কোনো কাজে আসছে না। নিরাপদে বাস চালানোর জন্য এই সড়কটি ১২ থেকে ১৮ ফুট প্রস্থ করা দরকার।’