১২ কিলোমিটারে আটটি সেতু ও কালভার্ট ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু ও কালভার্টগুলোর পার্শ্বদেয়াল মূল অবকাঠামো থেকে দূরে সরে গেছে। এগুলোর প্রস্থও রাস্তার তুলনায় কম। এ কারণে ভারী যানবাহন উঠলেই এগুলো দুলতে থাকে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ অনেক আগেই সতর্কীকরণ সাইনবোর্ডও টানিয়ে দিয়েছে। এর পরও এগুলোর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। এ করুণ অবস্থা ঢাকা-নড়াইল মহাসড়কের নড়াইল অংশের আটটি সেতু ও কালভার্টের।সওজের নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কপথে চট্টগ্রাম নৌবন্দরের সঙ্গে বেনাপোল স্থলবন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনে আঞ্চলিক এ মহাসড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এর নড়াইলের ১২ কিলোমিটার অংশে ভাঙ্গুরা, ঘোষিবাড়ি, তুলারামপুর, সীতারামপুর, বাসভিটা ও ভাদুলীডাঙ্গা সেতু এবং দুটি কালভার্ট আছে। পাঁচ টন ধারণক্ষমতাসম্পন্ন এসব সেতু ও কালভার্ট ১৯৫০ সালে নির্মাণ করা হয়। বর্তমানে এ মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করছে।সরেজমিন দেখা গেছে, মরিচা পড়ে সেতু ও কালভার্টের লোহার থামগুলো নড়বড়ে হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না করায় পার্শ্বদেয়াল মূল অবকাঠানো থেকে দূরে সরে গেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন এসব সেতু ও কালভার্টের ওপর দিয়ে চলাচল করছে।ঢাকা-নড়াইল রুটের ঈগল পরিবহনের চালক আশরাফুল ইসলাম জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন এসব সেতু ও কালভার্টের ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। সড়কের অবস্থাও ভালো নয়। ট্রাকচালক রবিউল ইসলাম বলেন, ‘সেতুগুলোর ওপরে মালবোঝাই ট্রাক উঠলেই দুলতে থাকে। তখন দোয়া পড়তে থাকি।’ সওজের নড়াইল কার্যালয়ের প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, ‘সেতু ও কালভার্টগুলোর দুরবস্থার কথা জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। খুব শিগগির এগুলো সংস্কার করা হবে।’