
টানা বর্ষণে খানাখন্দ সৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে।
পোর্ট এক্সেস নামে ১২ কিলোমিটার দৈর্ঘ্যের ওই সড়কটিতে ১৭৬টি গর্ত দেখা গেছে। সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর বাংলাবাজার থেকে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযুক্ত হয়েছে। এ সড়ক দিয়ে বন্দরের পণ্যবাহী ভারী গাড়িগুলো চলাচল করে।
সড়ক ও জনপদ বিভাগ (সওজ) বলছে, বৃষ্টি না হলে আজ সোমবারের মধ্যে সড়কটি সংস্কার করা হবে।
সরেজমিনে ১২ কিলোমিটার সড়কের পুরোটা ঘুরে ১৭৬টি ছোট বড় গর্ত দেখা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বন্দরের দিকে ৭০০ মিটারের মধ্যে গর্তের সংখ্যা ২৫টি। তার মধ্যে ৩টি বড় গর্ত ইটের টুকরো দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। সড়কের সবচেয়ে বড় গর্ত দেখা গেছে কাট্টলী সাগর পার এলাকায়। গর্তটি সড়কের মাঝখানে।
সেখানকার বাসিন্দা মো. বশির উদ্দিন প্রথম আলোকে বলেন, রাতে মালবাহী গাড়িগুলো ওই গর্তে পড়ে বিকট শব্দ হয়। ঘুম ভেঙে যায়। কয়েক মাস আগে পুরো সড়কের গর্তগুলো সংস্কার করলেও কয়েক দিনের বৃষ্টিতে আবারও খানাখন্দ হয়ে গেছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন্দর থেকে মালামাল নিয়ে সবচেয়ে ভারী গাড়িগুলো ওই সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠে। টানা বর্ষণের কারণে সড়কটিতে গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে অসুবিধায় বেশি পড়ে ব্যক্তিগত গাড়িগুলো।
সওজ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ প্রথম আলোকে বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ঠিকাদারের লোকজন প্রথমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ সংস্কার করেন। গতকাল রোববার ভাটিয়ারি-হাটহাজারী সংযোগ সড়কের সংস্কার কাজ করেছেন। সেটির সংস্কারও শেষ হওয়ার পথে। আজ সোমবার থেকে বন্দর সংযোগ সড়কের কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। তবে এ সড়কটি সংস্কারে এক দিনের বেশি সময় লাগবে না বলে তিনি জানান।