১২ কেজি এলপিজির দাম কমল
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ দাম হবে ১ হাজার ১৭৮ টাকা। এর দাম ছিল ১ হাজার ২২৮ টাকা। নতুন এই দাম আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এর আগে মুসকসহ প্রতি কেজি এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০৯ টাকা ৮২ পয়সা। গত ৪ নভেম্বর এই দাম কার্যকর করা হয়। ২ ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপিজির দাম ১০২ টাকা ৩২ পয়সা। আজকের নতুন বিজ্ঞপ্তি অনুসারে, এলপিজির মূল্য এখন ৯৮ টাকা ১৭ পয়সা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি খাতে সব এলপিজির দাম কমেছে। সাড়ে পাঁচ কেজি এলপিজির দাম আগে ছিল ৫৬৩ টাকা। এখন সেই দাম কমে হয়েছে ৫৪০ টাকা। সাড়ে ১২ কেজির এলপিজির নতুন দাম ১ হাজার ২২৭ টাকা। গত নভেম্বরে এর দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৬৮ টাকা। ১৫ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৪৭৩ টাকা। এ ছাড়া ১৬ কেজির দাম ১ হাজার ৫৭১ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৭৬৭ টাকা, ২০ কেজির দাম ১ হাজার ৯৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ১৬০ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৪৫৪ টাকা, ৩০ কেজির দাম ২ হাজার ৯৪৫ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ২৪০ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৪৩৬ টাকা ও ৪৫ কেজির দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪১৮ টাকা।
বিইআরসি জানিয়েছে, গাড়িতে ব্যবহৃত গ্যাসের দামও কমানো হয়েছে। গত ডিসেম্বরে নভেম্বরে এই গ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৫৭ টাকা ২৪ পয়সা। গত নভেম্বরে এই গ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৬১ টাকা ১৮ পয়সা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ টাকা ৯৪ পয়সা।