১২ কেজি সোনাসহ তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার সকালে ১২ কেজি সোনাসহ তিন যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। আটক তিন যাত্রী হলেন: জয়নাল, সবুজ ও রোমান।
কাস্টম হাউসের সহকারী কমিশনার কামরুল হাসান বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে বাংলাদেশ বিমানের এই তিন যাত্রীর কাছ থেকে ১২ কেজি ওজনের ১০১টি সোনার বার আটক করা হয়। আটক সোনার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।
সহকারী কমিশনার বলেন, দুবাই থেকে আসা সোনা বহনকারী মূল যাত্রী সিলেটে নেমে পড়েন। অভ্যন্তরীণ যাত্রী হিসেবে আটক ওই তিনজন সিলেট থেকে সোনার বারগুলো ঢাকায় নিয়ে আসেন। অভ্যন্তরীণ যাত্রীদের ওপর নজরদারি কিছুটা কম থাকে। এ সুযোগটিই নেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে এবং জুতার ভেতরে সোনার বারগুলো লুকানো ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।