১২ কোটি টাকায় গাবতলী হাট ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীর হাটের ইজারার নতুন ডাক উঠেছে ১২ কোটি ১৫ লাখ টাকা, যা গত বছরের তুলনায় ৩ কোটি ৮২ লাখ টাকা বেশি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্পত্তি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গাবতলী স্থায়ী পশুর হাটের ইজারার মেয়াদ শেষ হয় ১৩ এপ্রিল। নতুন ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। চারবার দরপত্র আহ্বান করা হলেও দর ৮ কোটি ৬০ লাখ টাকার বেশি উঠছিল না। গতকাল বৃহস্পতিবার পঞ্চমবারের মতো দরপত্র খোলা হলে ১২ কোটি ১৫ লাখ টাকার দর পাওয়া যায়।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের তুলনায় প্রায় ৪ কোটি টাকা বেশি ডাক পাওয়া গেছে। এটি অনেক বড় ব্যাপার। ডিএনসিসির সবার সম্মিলিত চেষ্টায় বিশেষ করে মেয়রের চেষ্টায় এ নতুন দাম পাওয়া গেল।
জানা গেছে, এবার ১২ কোটি ১৫ লাখ টাকা দর হেঁকেছেন মো. লুৎফর রহমান। তিনি গতবারও গাবতলী হাটের ইজারা পেয়েছিলেন। মেয়াদ শেষ হওয়ার পরও ইজারাদার চূড়ান্ত না করতে পারায় ১৩
এপ্রিল থেকে ডিএনসিসি খাস ইজারা আদায় করে। নতুন ডাকে হাটের ইজারা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী সোমবার টেন্ডার কমিটির সভায়।
এ ব্যাপারে জানতে চাইলে মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, এত দিন সিন্ডিকেটের কারণে হাটের দর উঠছিল না। এবার সেই সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এ কারণে দরও বেশি পাওয়া গেছে।