১২ কোটি টাকার ঋণের বোঝা আলুচাষিদের কাঁধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বিভিন্ন উপজেলায় অনেক কৃষক আলু চাষের ওপর নির্ভরশীল। এ এলাকাগুলোতে আলুর ফলনও ভালো হয়। কিন্তু আলুর দাম না থাকায় এবার বিপাকে পড়েছেন আলুচাষিরা। তাঁদের কাঁধে এবার ১২ কোটি ৩০ লাখ ৩৯ হাজার টাকা ঋণ রয়েছে।
এই ঋণ শোধ করে নতুন করে ঋণ পেলেই তাঁরা চলতি মৌসুমে আবার আলু চাষ করতে পারবেন। কিন্তু লোকসানের কারণে কৃষকেরা হিমাগার থেকে আলু তুলছেন না। যে কারণে ঋণ পরিশোধ করা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
কৃষকেরা জানিয়েছেন, ব্যাংক তাঁদের সম্পূরক ঋণ না দিলে তাঁরা এবার আলু চাষ করতে পারবেন না। সেই সঙ্গে ঋণও শোধ করতে পারবেন না। রাজশাহীতে ন্যাশনাল ব্যাংক আলুচাষিদের জামানত ছাড়াই ঋণ দিয়ে থাকে।
ওই ব্যাংক সূত্রে জানা গেছে, তারা রাজশাহীর পবা, মোহনপুর, তানোর, গোদাগাড়ি ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই হাজার ১৮ জন আলুচাষিকে এবার ১২ কোটি ৩০ লাখ ৩৯ হাজার টাকা ঋণ দিয়েছে। চাষিরা এই ঋণ পরিশোধ করলে তাঁরা নতুন করে ঋণ নিতে পারবেন।
আলুচাষিরা জানান, এবার হিমাগারে রাখা ৮৪ কেজির এক বস্তা আলুর পাইকারি দাম ৪০০ থেকে ৬০০ টাকা। হিমাগারের ভাড়া ও বস্তার দামসহ তাঁদের খরচ পড়ছে ৪৩৪ টাকা। আর এক বস্তা আলু উৎপাদন করতে কৃষকদের ন্যূনতম ৭০০ টাকা খরচ পড়েছে। উৎপাদন খরচসহ এক বস্তা আলুর পেছনে তাঁদের মোট ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা। বর্তমান দামে আলু বিক্রি করলে তাঁদের প্রতি বস্তায় ৬০০ থেকে ৭০০ টাকা লোকসান গুনতে হবে। এ কারণে কৃষকেরা হিমাগার থেকে আলু তুলতে পারছেন না।
পবার ধর্মহাটা গ্রামের আলুচাষি গোলাম মোজাদ্দেদ জানান, তিনি এবার ন্যাশনাল ব্যাংক থেকে এক লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। বর্তমানে হিমাগারে তাঁর ২০০ বস্তা আলু রয়েছে। তিনি একটা আলুও বিক্রি করতে পারেননি। ঋণ শোধ করার কোনো প্রস্তুতিও তিনি নিতে পারছেন না। তিনি জানান, এবার আলু চাষ করে তাঁদের সর্বনাশ হয়ে গেছে। এ অবস্থায় ব্যাংক যদি তাঁদের সম্পূরক ঋণ দিত, তবে তাঁরা পুনরায় আলু চাষ করে সব ঋণ শোধ করতে পারতেন।
একই উপজেলার ঘিপাড়া গ্রামের আলুচাষি মোস্তাফিজুর রহমান জানান, তিনি ব্যাংক থেকে এক লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। হিমাগারে তিনি ৫০০ বস্তা আলু রাখেন। ৩০০ বস্তা আলু লোকসানে বিক্রি করেছেন। এখনো ২০০ বস্তা আলু হিমাগারে রয়েছে। বর্তমানে আলুর দাম অনেক কম হওয়ায় তিনি হিমাগার থেকে তা ওঠাতে পারছেন না। এখন নতুন মৌসুমে তিনি আলু চাষ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
ন্যাশনাল ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক বিনয় কুমার শিকদার জানান, তাঁরা জামানতবিহীন ঋণ দিয়ে এই এলাকার কয়েক হাজার কৃষককে স্বাবলম্বী করেছেন। ব্যাংকের আদায়ও শতভাগ। এবার চাষিরা আলুর দাম না পেয়ে বিপাকে পড়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ বরাবর কৃষিবিমা চালু করার দাবি করে আসছে। তিনি বলেন, দেশে প্রায় সব ঝুঁকির জন্য বিমা করার ব্যবস্থা রয়েছে। কিন্তু কৃষকের ঝুঁকির জন্য কোনো বিমার ব্যবস্থা নেই। বিমার ব্যবস্থা থাকলে এই ক্ষতিপূরণের জন্য চাষিরা দাবি করতে পারতেন।
বিনয় কুমার শিকদার জানান, যেকোনোভাবে চাষিদের এই ঋণ শোধ করতে হবে। কারণ, তাঁরা শতভাগ আদায় করে থাকেন।