১২ কোটি টাকার কাঠ পরিত্যক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় মামলা জটিলতায় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আওতায় জব্দকৃত ১২ কোটি টাকা মূল্যের ৮২ হাজার ঘন ফুট সেগুন কাঠ নষ্ট হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। কাঠগুলো জব্দ করার পর থেকে উপজেলার জামতলী নাড়াইছড়ি রেঞ্জ কার্যালয়ের সামনে খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। বন বিভাগ সূত্র জানায়, কাঠগুলো জব্দ করার পর বন বিভাগ স্থানীয়ভাবে নিলামের জন্য তিনবার দরপত্র আহ্বান করে। কিন্তু দরপত্রে অংশগ্রহণকারীরা সরকারি চাহিদামতো মূল্য না দেওয়ায় নিলাম বাতিল করা হয়। ২০০৭ সালে কাঠ ব্যবসায়ীরা হাইকোর্টে বন বিভাগকে বিবাদী করে পৃথক দুটি রিট করেন। গত চার বছরেও সেই রিট নিষ্পত্তি না হওয়ায় বন বিভাগ জব্দকৃত কাঠের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। স্থানীয় কাঠ ব্যবসায়ী মাসুদ রানা জানান, বন বিভাগ যেভাবেই কাঠগুলো জব্দ করুক এগুলো কিন্তু দীঘিনালার। এসব কাঠ জব্দ করার কারণে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। জব্দকৃত কাঠগুলোর প্রায় ৬০ শতাংশ নষ্ট হয়ে গেছে। মামলা নিষ্পত্তি না হলে বাকি কাঠগুলোও নষ্ট হয়ে যাবে। তাই দ্রুত মামলা নিষ্পত্তি করে কাঠগুলো স্থানীয়ভাবে নিলামে দিলে সরকারি কোষাগারে কয়েক কোটি টাকার রাজস্ব জমা হবে। নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা শংকর কুমার কর জানান, জব্দকৃত কাঠ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিলে বন বিভাগের নিয়মানুসারে স্থানীয়ভাবে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা রাখার নিয়ম রয়েছে। কিন্তু মামলার কারণে বন বিভাগের কিছুই করার নেই।