১২ কোটি টাকার রাজস্ব হারাতে যাচ্ছে সরকার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চলতি বছর ‘বোমা মেশিন’ দিয়ে অবৈধভাবে প্রায় ছয় কোটি ঘনফুট পাথর তোলা হয়েছে। এসব পাথরের বেশির ভাগ এখন বিক্রির জন্য সড়কের জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। প্রশাসন এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় সরকার প্রায় ১২ কোটি টাকা রাজস্ব হারাতে যাচ্ছে।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে পাটগ্রাম উপজেলায় প্রায় ৬০০ বোমা মেশিনে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন করা হয়। এসব পাথর লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের পাটগ্রাম অংশে ও উপজেলা সদরের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের সংযোগ সড়কের প্রায় ৬০ কিলোমিটার এলাকার ৫০টি স্থানে রাখা হয়েছে। এখন প্রায় চার কোটি ঘনফুট পাথর মজুদ আছে। ইতিমধ্যে বিক্রি হয়েছে প্রায় দুই কোটি ঘনফুট পাথর।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে মাত্র পাঁচজন ব্যবসায়ী ৩০ হাজার ঘনফুট পাথর উত্তোলনের জন্য উঁচু ও অনাবাদি প্রায় পাঁচ বিঘা জমি ইজারা নেন। তাঁরা রাজস্ব বাবদ প্রতি ঘনফুটের জন্য দুই টাকা হিসেবে ৬০ হাজার টাকা অগ্রিম জমা দিয়েছেন। এর বাইরে আর কেউ জমি ইজারা নেননি।খোঁজ নিয়ে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (অপারেশন-২, অধি-শাখা) এক প্রজ্ঞাপনে লালমনিরহাটসহ দেশের পাথরসমৃদ্ধ কয়েকটি জেলার প্রশাসককে নয় সদস্যর একটি করে ইজারা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) সদস্যসচিব ও স্থানীয় সাংসদকে উপদেষ্টা করার কথা বলা হয়। কোনো ‘কোয়ারি’র ইজারা না হওয়া পর্যন্ত সেখানে উত্তোলন করা পাথর থেকে নির্ধারিত হারে ‘খাস’ হিসেবে রাজস্ব আদায় করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা করতে হবে। এ হিসেবে সরকার পাটগ্রাম উপজেলা থেকে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে।ইজারা কমিটির সদস্য ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াৎ মোহামঞ্চদ রহমতুল্লাহ বলেন, অবৈধ মেশিন দিয়ে উত্তোলিত পাথরের রাজস্ব আদায়ের বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, ‘পাটগ্রাম ইউএনওর দেওয়া চিঠি পেয়েছি। এরপর আমি রাজস্ব আদায় করতে পারব কি না, তা জানার জন্য খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। সেখান থেকে জবাব পেলেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’