১২ গ্রাম প্লাবিত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত তিন দিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ফেনীর সোনাগাজী উপজেলার চারটি ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং খেতের আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বসতঘরে পানি ঢুকে পড়ায় অনেক লোক আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধে অশ্রয় নিয়েছে।সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহির রায়হান জানান, স্থানীয় প্রশাসন জোয়ারের পানিতে আটকে পড়া মানুষকে আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ স্থানে সরে যেতে উদ্বুদ্ধ করছে। ইতিমধ্যে অনেকেই আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধসহ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।উপজেলার সোনাগাজী সদর, চর চান্দিয়া, চর দরবেশ ও চর মজিলিশপুর ইউনিয়নের ১২টি গ্রামে জোয়ারের পানিতে উঠতি আমন ধানের ফসল, শাক-সবজির বেশি ক্ষতি হয়েছে এবং অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে।সোনাগাজী উপজেলা প্রশাসন গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের মধ্যে চিড়া ও গুড় বিতরণ করেছে।এ ছাড়া জেলার দাগনভূঞা ও ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকায় তিন দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ বেড়ে গেছে। ফেনী পৌর এলাকায় একাডেমি, এসএসকে, শান্তি কোম্পানি সড়কসহ বিভিন্ন সড়ক এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে।