১২ গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সড়ক অবরোধ
টাঙ্গাইলের সখীপুর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গতকাল সোমবার সখীপুর-ঘাটাইল সড়কের জোড়দিঘী বাজারে সড়ক অবরোধ করে লাঠি মিছিল করেছে ঘাটাইল উপজেলার ১২টি গ্রামের বিক্ষুব্ধ গ্রাহকরা। ফলে সারাদিন সখীপুর-সাগরদিঘী সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধ চলাকালে রাস্তায় টায়ার ও বিদ্যুতের তার পোড়ানো হয়।ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য শহিদুল ইসলাম জানান, সখীপুর উপজেলার কুতুবপুর এলাকা থেকে ধলাপাড়ার ১২টি গ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। কিন্তু গত রোববার বিকেলে সখীপুর বিদ্যুৎ বিভাগ ওই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ বিষয়ে সখীপুর বিদ্যুত বিভাগ থেকে জানানো হয়, স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান ও উপজেলা চেয়ারম্যান শওকত শিকদারের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ প্রসঙ্গে সাংসদ শওকত মোমেন শাহজাহান বলেন, সখীপুরের জনগণের চাপে ওই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। সখীপুরের জন্য বরাদ্দকৃত বিদ্যুৎ ভাগ হয়ে ঘাটাইলে চলে যাওয়ায় সখীপুরে মানুষ বিদ্যুৎ পাচ্ছেনা। বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। খুব শিগগিরই স্ব-স্ব উপজেলার বিদ্যুৎ বিভাগ থেকে তাদের বিদ্যুৎ দেওয়া হবে।