কুমিল্লা ও ফেনীতে রেলে নাশকতা
১২ ঘটনা, ১০ মামলা, আসামি ১৯৪১ গ্রেপ্তার ৬১, ক্ষতি ছয় কোটি টাকা
কুমিল্লা ও আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে যাওয়া রেললাইনে গত দুই মাসে ১২টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০টি ঘটনায় মামলা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করে ১২১ জন এবং অজ্ঞাতনামা এক হাজার ৮২০ জনকে আসামি করা হয়েছে। ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা ও চৌদ্দগ্রামের জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে এসব নাশকতা করছেন বলে রেল ও পুলিশ সূত্র দাবি করছে। রেলমন্ত্রী মজিবুল হকের এই এলাকায় নয়টি নাশকতায় রেলের ক্ষতি হয়েছে ছয় কোটি টাকার।লাকসাম জিআরপি থানা সূত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় রেললাইনে নাশকতার ঘটনায় ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২০ জনের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে। ৬ ফেব্রুয়ারি ফেনী-শর্শদী রেললাইনের মধ্যবর্তী স্থানে স্লিপার খুলে ফেলে নাশকতা সৃষ্টির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি লাকসাম-নোয়াখালী রেললাইনের বিপুলাসার স্টেশনের ১৫০ ফুট উত্তরে গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করা হয়। তা সরাতে গিয়ে লাকসাম জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫০০-১৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তার হয়েছে মাত্র ছয়জন।২ মার্চ মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার রেলস্টেশনের দক্ষিণ পাশের চাষীরহাট রেলসেতুতে অগ্নিসংযোগ করা হয়। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই দিন বিপুলাসার রেলস্টেশন ভাঙচুর করা হয়। এ ঘটনায় এজাহারনামীয় ২৩ জনসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করে মামলা হয়। গ্রেপ্তার দেখানো হয় দুজনকে। গত ২ মার্চ রাত আনুমানিক ১০টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেলস্টেশনের অদূরে জাঙ্গালিয়া এলাকায় রেললাইনের ওপরে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা। এ ঘটনায় কোনো মামলা হয়নি। ৫ মার্চ কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলসেতু এলাকায় অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় ১১ মার্চ করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।৭ মার্চ বিপুলাসার রেলস্টেশনের দক্ষিণ পাশের নতুন বাজার এলাকায় ১২৬ ফুট রেললাইন উপড়ে ফেলা হয়। ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করে করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়।১২ মার্চ চৌমুহনী ও মাইজদী রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে অগ্নিসংযোগ করা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তিনজনকে। একই দিন মনোহরগঞ্জের নাথেরপেটুয়া রেলস্টেশনের উত্তরে রেললাইনে অগ্নিসংযোগ করা হয়। গ্রেপ্তার দেখানো হয় একজনকে। ১৯ মার্চ লাকসামের দৌলতগঞ্জ রেলস্টেশন ভাঙচুরের মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। আসামি করা হয়েছিল ২১ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা ১০০ জনের বিরুদ্ধে।নয়টি নাশকতায় ছয় কোটি টাকা ক্ষতি: রেলের করা হিসাব অনুযায়ী, সর্বশেষ দুর্ঘটনাসহ নয়টি ঘটনায় প্রতিষ্ঠানটির ছয় কোটি পাঁচ লাখ তিন হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।