১২ ঘণ্টা পর উদ্ধার হলো 'আলী বাহাদুর'
খালের পানিতে গোসলে নেমেছিল ‘আলী বাহাদুর’। তারপর বালুর চরে আটকে আর উঠতে পারছিল না। এত বিশাল একটি শরীর নিয়ে ওঠা কি চাট্টিখানি কথা? আলী বাহাদুর আসলে হাতি। ফরিদপুরের টেকেরহাটের একটি সার্কাসে আসছিল এই হাতিটি। আজ সোমবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া এলাকার নদীতে গোসল করাতে নিয়ে বালুর চরে আটকে যায় হাতিটি। এরপর থেকে তাকে দেখতে শত শত লোকের ভিড়। সন্ধ্যা সাতটায় আটকে পড়ার প্রায় ১২ ঘণ্টা পর উদ্ধার হলো হাতিটি।
আজ দুপুরে দেখা যায়, হাতিটি দেখতে আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে আছে। শিশু, বয়স্ক নারী-পুরুষ এলাকার লোকজনের ভিড় জমে আছে। এ সময় হাতির মাহুতসহ স্থানীয় লোকজনকে হাতিটি উদ্ধার করতে ব্যস্ত দেখা যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বরং ধীরে ধীরে হাতির পা দুটি বালুর চরে আটকে যাচ্ছে।
এ সময় হাতির মাহুত মো. শান্ত আলী জানান, তাঁরা ফরিদপুরের টেকেরহাটের ‘কমলা সার্কাস’ অনুষ্ঠানে এসেছেন। রোববার সকালে হাতিটি নিয়ে টেকেরহাট থেকে তাঁরা বিভিন্ন স্থান ঘুরে ঘুরে খোরাক জোগাতে টাকা তুলছেন। তিনিসহ সহকর্মী মো. বাবুকে সঙ্গে করে রোববার বিকেলে গোয়ালন্দে এসে পৌঁছান। রাতে গোয়ালন্দে থাকার পর আজ সকাল আটটার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় যান। সেখানকার মরা পদ্মা নদীর একটি শুকনা খালের অল্প পানিতে হাতিটির গোসল করাতে নামানো হয়। ধীরে ধীরে হাতিটির ডান পাশের পেছনের ও সামনের পা দুটি বালুতে আটকা পড়ে। যতই নড়াচড়া বেশি করে, ততই গেড়ে পড়ে। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতা চান। স্থানীয় লোকজন প্লাস্টিকের পাইপ ও বাঁশ দিয়ে হাতিটির পায়ের নিচ থেকে বালু সরিয়ে উদ্ধারের চেষ্টা করেও সন্ধ্যার আগ পর্যন্ত ব্যর্থ হন।
উদ্ধারকাজে ব্যস্ত স্থানীয় আবদুল আউয়াল বলেন, ‘সকাল থেকে আমরা দুই দফায় চার-পাঁচজন করে হাতিটি উদ্ধারে কাজ করছি। কিন্তু বেলা গড়িয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বরং হাতির সঙ্গে আমরাও ক্লান্ত হয়ে পড়ছি। এখন বিকল্প উপায় ছাড়া কোনোভাবেই হাতিটি উদ্ধার করা সম্ভব হবে বলে মনে হয় না।’
হাতিটি উদ্ধারে খালের পানিনিষ্কাশনে সেখানে স্যালো ইঞ্জিন বসানো হয়। তাতেও কাজ হয়নি।
এভাবে হাতি উদ্ধার করতে যখন সবাই ব্যর্থ, তখন ডাক পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা এখানে আসে। সাড়ে সাতটার দিকে এ বাহিনীর ব্যবহার করা পানির পাইপ দিয়ে হাতিটি যেখানে পড়ে গিয়েছিল, সেখানে পানি ছাড়া হয়। ১৫ মিনিট পরেই হাতিটি উঠে আসে।
ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মাজহারুল ইসলাম বলেন, ‘জোর বেগে পানি দিয়ে ১৫ মিনিটের মধ্যেই আমরা হাতিটিকে উদ্ধার করতে পেরেছি।’
উদ্ধারের পর গোয়ালন্দ উপজেলা পরিষদ ক্যাম্পাসে আজ হাতিটি রাতে থাকবে। কাল টেকেরহাটে চলে যাবে।