১২ ঘণ্টা পর নৌযান চলছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে
১২ ঘণ্টা বন্ধ থাকার পর নৌযান চলাচল শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে। গতকাল শনিবার রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে আজ রোববার দুপুর ১২টা নাগাদ নৌযান চলাচল স্বাভাবিক হয়।
গতকাল রাত ১২টার আগে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহনবোঝাই ভাষা সৈনিক ড. গোলাম মাওলা ফেরিটি মাঝনদীতে আটকা পড়ে। ফেরিটির মাঝনদীতে আটকে যাওয়ার খবর পাওয়ার পর দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে আর কোনো ফেরি ছেড়ে যায়নি। এ সময় দৌলতদিয়া ঘাট প্রান্তে সাতটি ও পাটুরিয়া ঘাট প্রান্তে আটটি ফেরি নোঙর করে ছিল।
১২ ঘণ্টা পর আজ দুপুর ১২টার দিকে কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল শুরু হয়। দীর্ঘ ১২ ঘণ্টার বেশি সময় নৌযান চলাচল আটকে থাকায় দুই ঘাটে শত শত যানবাহন আটকা পড়েছে। দুই ঘাটেই পাঁচ কিলোমিটার করে যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে যানজটে আটকে থাকা মানুষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম।