১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় ১২ ঘণ্টা পর আজ শনিবার সকাল সাড়ে নয়টার পর ধীরগতিতে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার রাত ১০টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ওই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে কয়েক শ যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

কুয়াশার মধ্যে মাঝনদীতে আটকা পড়ে যানবাহন-বোঝাই চারটি ফেরি ও পাঁচটি ইঞ্জিনচালিত ট্রলার।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, গতকাল সন্ধ্যার পর থেকে নদীপথে কুয়াশা পড়তে থাকায় ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকে। এ কারণে রাত ১০টা থেকে ফেরি-চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে যানবাহন বোঝাই করে ছেড়ে যাওয়া চারটি রো রো ফেরি নদীর মাঝে গিয়ে কুয়াশার কারণে কিছু দেখতে না পেয়ে নোঙর করে থাকতে বাধ্য হয়। কুয়াশা কমে যাওয়ায় আজ সকাল সাড়ে নয়টার পর ফেরি চলাচল শুরু হয়। তবে নদী অববাহিকায় এখনো কুয়াশা থাকায় ফেরি চলছে খুবই ধীরগতিতে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে কয়েক শ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা বন্দর কর্মকর্তা কবির হোসেন জানান, কুয়াশার কারণে গতকাল রাত ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়।

ইঞ্জিনচালিত ট্রলারের যাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলাম জানান, গতকাল রাত ১০টার দিকে তিনিসহ প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে তাঁদের বহনকারী ট্রলারটি ছেড়ে যায়। মাঝনদীতে আসার পর দিক হারিয়ে ট্রলারটি সারা রাত নদীতে ঘুরপাক খেতে থাকে। যাত্রীবোঝাই আরও চারটি ইঞ্জিনচালিত ট্রলার সারা রাত নদীতে ঘুরপাক খায় বলেও জানান তিনি। আজ সকাল নয়টার দিকে তাঁদের ট্রলারটি দৌলতদিয়ার লঞ্চঘাট এলাকায় ভেড়ে। সারা রাত প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশায় যাত্রীদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন।