১২ ঘণ্টা পর মুক্ত তারেকের উপদেষ্টা সায়েম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ সায়েম
এম এ সায়েম

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সদ্য নিযুক্ত মানবাধিকার-বিষয়ক উপদেষ্টা এম এ সায়েমকে ১২ ঘণ্টা আটক রাখার পর ছেড়ে দিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

লন্ডনের একাধিক সূত্র জানায়, গত মঙ্গলবার লন্ডন সময় বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব লন্ডনে তাঁর আইন ব্যবসাপ্রতিষ্ঠান উজমা ল ফার্ম থেকে এম এ সায়েমকে পুলিশ আটক করে। রাত ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভুয়া কাগজপত্রের মাধ্যমে তাঁর মক্কেলকে সহায়তা করার অভিযোগে আইনজীবী সায়েমকে আটক করা হয়েছিল বলে সূত্রগুলো জানায়।

লন্ডনে তারেকের উপদেষ্টা সায়েম গ্রেপ্তার

এ ব্যাপারে সায়েমের বক্তব্য জানতে তাঁর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা তারেক রহমান সম্প্রতি এম এ সায়েমসহ তিনজন আইনজীবীকে তাঁর মানবাধিকার–বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেন। উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার ১০ দিন পার না হতেই সায়েমের আটকের খবর যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন ও বাঙালি কমিউনিটিতে নানা আলোচনার জন্ম দিয়েছে।